তাপপ্রবাহ নতুন এলাকায় বিস্তারের আভাস
টানা দুই সপ্তাহ ধরে চলমান তাপপ্রবাহ আরও নতুন এলাকায় বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অবশ্য বর্ষণের ধারায় রয়েছে সিলেট অঞ্চল।
শুক্রবার সিলেটে ১৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এসময় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
তা আরও বিস্তার লাভ করতে পারে।
তীব্র গরমের মধ্যে পানিতে নেমে বাঘের স্বস্তি পাওয়ার চেষ্টা। ছবিটি মঙ্গলবার মিরপুর চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: নয়ন কুমার
গরম থেকে বাঁচতে চৌবাচ্চার পানিতে ঢাকা চিড়িয়াখানার বানর। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: মুস্তাফিজ মামুন
অধিদপ্তর বলছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে ও রাতে অপরিবর্তিত থাকতে পারে।
শনিবারের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলগুলোয় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
