পল্লবীতে দগ্ধ গৃহবধূ শাহানার মৃত্যু
রাজধানীর পল্লবীতে সাতদিন আগে দগ্ধ গৃহবধূ শাহানা আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে পল্লবী থানার এসআই আবু সাইদ জানান।
৩০ বছর বয়সী শাহানাকে দগ্ধ অবস্থায় গত ১৫ এপ্রিল বিকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার স্বামী ইব্রাহিম রনি। তার শরীরের ৫০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
এই ঘটনায় শাহানার স্বামী বর্তমানে কারাগারে আছেন। গ্যাসের চুলার আগুনে শাহানা দগ্ধ হয়েছিলেন বলে রনি প্রথমে বললেও সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
“পরে রনি পুলিশকে জানায়, একশ টাকা নিয়ে তাদের দুজনের ঝগড়া হয়। তা থেকে রাগ করে শাহানা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়,” বলেন তিনি।
রনিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছিলেন বলে জানান তিনি।
“শাহানার স্বজনরা এতদিন তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় কোনো মামলা করতে পারেনি। এখন আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা করবেন,” বলেন এই পুলিশ কর্মকর্তা।
রনি পেশায় হকার। তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।
