পল্লবীতে গৃহবধূর ‘আত্মহত্যার চেষ্টা’, স্বামী আটক
ঢাকার পল্লবীতে ‘নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে’ এক গৃহবধূর ‘আত্মহত্যার চেষ্টার’ পর তার স্বামীকে আটক করেছে পুলিশ।
শাহানা আক্তার নামের ২৯ বছর বয়সী ওই তরুণীর স্বামী মো. ইব্রাহিম ওরফে রনি প্রথমে পুলিশের কাছে গ্যাসের আগুনের কথা বলেন। পুলিশ এর সত্যতা না পাওয়ার পর স্ত্রী ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন বলে দাবি করেন রনি।
পরে আলাদা জিজ্ঞাসাবাদে শাহানাও একই কথা পুলিশকে পল্লবী থানার ওসি দাদন ফকির জানিয়েছেন বলে পল্লবী থানার উপ পরিদর্শক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
রনি নিউ মার্কেট এলাকায় ফুটপাতের কাপড় বিক্রেতা। মিরপুর-১২ নম্বর সেকশনের ডি ব্লকের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় তাদের বাসা। এই দম্পতির দেড় বছরের একটি সন্তান রয়েছে।
শুক্রবার বিকালে শাহানা দগ্ধ হওয়ার পর রনিই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। শাহানার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কিন্তু মিরপুর-১২ নম্বরের ডি ব্লকে ওই দম্পতির বাসায় গিয়ে গ্যাসের আগুনের আলামত না পেয়ে পুলিশ রনিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, “ঘটনা শুনে আমি নিজেই ওই বাসায় গেছি। রান্নাঘরের চুলা থেকে আগুন লাগার মতো কিছু দেখিনি। যেখানে আগুনের ঘটনা ঘটেছে, সেখানে একটি কেরোসিনের বোতল পাওয়া গেছে।”
পরে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল সাংবাদিকদের বলেন, পল্লবী থানা পুলিশ বাসায় গিয়ে কিছু পায়নি শোনার পর অন্য কথা বলছেন রনি।
“তিনি বলছেন, পারিবারিক কলহের জের ধরে শাহানা আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ভয়ে তিনি প্রথমে গ্যাসের আগুনের কথা বলেছিলেন।”
রনিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর পল্লবী থানার উপ পরিদর্শক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজার খরচের টাকা নিয়ে সকালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল বলে রনি তাদের কাছে দাবি করেছেন।
“রনি বলছেন, তাকে না বলে তার পকেট থেকে একশ টাকা বের করে বাজার করেন শাহানা। পরে টাকা না পেয়ে স্ত্রীর ওপর ক্ষেপে যান রনি। এ নিয়ে ঝগড়া হয়। দুপুরে রনি যখন শুয়ে ছিলেন, সে সময় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন শাহানা।”
পুলিশ হাসপাতালে শাহানার সঙ্গেও আলাদাভাবে কথা বলে। দগ্ধ এই গৃহবধূও প্রথমে গ্যাসের চুলার কথা বলেন। পরে তিনি নিজের গায়ে আগুন দেওয়ার কথা স্বীকার করেন বলে এসআই আবু সাইদ জানান।
তিনি বলেন, “শাহানার বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার আত্মহত্যার চেষ্টার আগে রনির সাথে ঝগড়া হয়। রনি এর দায় এড়াতে পারেন না।”
