২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি আসামিই, ছোট-বড় নেই: দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিতে সব আসামি সমান উল্লেখ করে সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামাল বলেছেন, তদন্তকারী কর্মকর্তা চাইলে ‘প্রভাবশালীদেরও’ গ্রেপ্তার করতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

বৃহস্পতিবার কমিশনের এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে, কেউ ছাড় পাবে না। সুষ্ঠু তদন্তের স্বার্থে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আইন অনুযায়ী তা নেওয়া হবে।

“বেশকিছু মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দৃষ্টিতে ছোট-বড় বলতে কিছু নেই। আমরা আসামিদের আসামি হিসেবেই দেখি।”

দুদক এখন আর ‘প্রভাবশালীদের’ গ্রেপ্তার করে না- এমন দৃষ্টিভঙ্গি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব মোস্তফা কামাল বলেন, “গ্রেপ্তারের সিদ্ধান্ত তদন্তকারী কর্মকর্তা নেন। তিনি তার তদন্তের স্বার্থে যে কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারে। এক্ষেত্রে প্রভাবশালীদের গ্রেপ্তারে কোনো বাধা নেই।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে দুদক দৃষ্টি রাখলেও এখন সংস্থাটি কোনো তদন্ত করছে না। প্রয়োজনে বিষয়টি আমলে নেবে দুদক।

পানামার ল ফার্ম মোস্যাক ফনসেকার গোপন নথি ফাঁসে রথী-মহারথীদের কর ফাঁকির চিত্র উঠে আসা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার মধ্যে বাংলাদেশি কারও নামও তাতে রয়েছে কি না- তা অনুসন্ধান করছে দুদক।

সংবাদ সম্মেলনে অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে দুদক সচিব বলেন, “এটা নিয়ে আমাদের অনুসন্ধান চলছে। এ পর্যায়ে মন্তব্য করাটা সমীচীন হবে না।”

লিখিত বক্তব্যে মোস্তফা কামাল বলেন, মার্চ মাসে দুর্নীতি সংক্রান্ত ৮৪৯টি অভিযোগ পাওয়া গেছে। এ সময়ে অনুসন্ধান শেষে ৩৪টি মামলা করা হয়েছে এবং চার্জশিট দেওয়া হয়েছে ৪৫টির।

এছাড়া জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৯৪টি মামলা করা হয় এবং ১৫১টি মামলার চার্জশিট দাখিল করা হয়।

মার্চ মাসে দুদকের ২১টি মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১০টিতে আসামিদের সাজা হয়েছে এবং ১১টির আসামিরা খালাস পেয়েছে।