আত্মসমর্পণের পর কারাগারে ইনকিলাব সাংবাদিক সাখাওয়াত
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় দৈনিক ইনকিলাবের প্রতিবেদক সাখাওয়াত হোসেনকে কারাগারে পাঠিয়েছে সাইবার ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এবং পুলিশের ভারপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদারের করা মামলায় সাখাওয়াত বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
বিচারক কে এম শামসুল আলম শুনানি নিয়ে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩ এপ্রিল ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন এই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান।
গত ২০ মার্চ মামলাটি বিচারের জন্য আমলে নিয়ে তাদেরকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিলেন একই বিচারক।
সাখায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ আহমেদ গাজী। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামীম আহমেদ।
গত ১ ফেব্রুয়ারি মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তর করা হয়।
২০১৪ সালের ১৮ অগাস্ট ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে প্রলয় কুমার জোয়ারদারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয় এ কর্মকর্তা পুলিশ বিভাগে ‘হিন্দু লীগ সৃষ্টি করেছে’।
পরদিন প্রলয় কুমার প্রকশিত প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে ২০০৬ সালের (সংশোধিত ২০১৩) তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) এবং ধারায় ঢাকার ওয়ারি থানায় এ মামলা করেন।
গত বছরের ৩১ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আজিজুর রহমান।
মামলার পর রাজধানীর মতিঝিলের আর কে মিশন রোডের ইনকিলাব কার্যালয়ে অভিযান চালিয়ে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তিনি হাই কোর্ট থেকে জামিন পান।
ইনকিলাবের আইন পরামর্শক আইনজীবী সৈয়দ আহমেদ গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, নগর সম্পাদক সাখাওয়াত হোসেন এখন আর এ মামলার আসামি নন। তাদের আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
