নাগাসাকি পিস পার্কে যাচ্ছে অনিন্দিতার ‘শান্তির ভাস্কর্য’
জাপানের নাগাসাকি পিস পার্কে স্থাপনের জন্য বাংলাদেশের ভাস্কর অনিন্দিতা পণ্ডিতের ভাস্কর্য নির্বাচিত হয়েছে।
প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা ১০ শিল্পকর্মের শিল্পীর হাতে বুধবার সচিবালয়ে পুরস্কার তুলে দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
জাপানের নাগাসাকি পিস পার্কে বিশ্বের প্রায় ১৬টি দেশের ভাস্কর্য রয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে বাংলাদেশের একটি ভাস্কর্য সেখানে স্থাপনের সিদ্ধান্ত হয়।
এই পার্কের পোলিশ ও ইতালীয় ভাস্কর্যের মাঝে বাংলাদেশেরটি স্থাপন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
বাংলাদেশ থেকে কোন শিল্পীর ভাস্কর্য জাপানে যাবে তা নির্বাচনে স্থাপত্য অধিদপ্তর উন্মুক্ত প্রতিযোগিতার আয়োজন করলে বিভিন্ন ভাস্করের ৬২টি শিল্পকর্ম এতে অংশ নেয়। এর মধ্যে সেরা ১০ ভাস্কর্যের শিল্পীকে পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম হওয়া অনিন্দিতা পণ্ডিতের হাতে ৫ লাখ টাকার চেক ও সনদ তুলে দেন পূর্তমন্ত্রী।
দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ এমরান হোসেনকে ৩ লাখ টাকা এবং তৃতীয় হওয়া মো. আসিফুর রহমানকে ২ লাখ টাকার চেকের সঙ্গে সনদ তুলে দেন মন্ত্রী।
এছাড়া আরর সাতটি ভাস্কর্যের শিল্পীকে পুরস্কৃত করা হয়।
স্থাপত্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনিন্দিতার ভাস্কর্যটি জাপানের নাগাসাকিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে পূর্তমন্ত্রী বলেন, “জাপানের নাগাসাকিতে ১৯৪৫ সালের ৯ আগস্ট লিটল বয় নামে যে আনবিক বোমা ফেলা হয় তাতে অনেক মানুষ প্রাণ হারায়।
“যুদ্ধের বিপক্ষে জনমত গড়ে তুলতে ১৯৫৫ সালে নাগাসাকি পিস পার্ক নির্মাণ করা হয়। শেখ হাসিনা জাপান সফরকালে এ পার্কে বাংলাদেশের ভাস্কর্য স্থাপনের ব্যবস্থা করে শান্তির পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন।”
মেশাররফ জানান, ভবিষ্যতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বড় কোনো স্থাপনা নির্মাণ করা হলে এভাবে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নকশা প্রণয়ন করা হবে।
পূর্তসচিব মো. শহীদ উল্লা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভাস্কর্য নির্বাচন জুড়ি বোর্ডের প্রধান স্থপতি রবিউল হুসাইনসহ অন্য স্থপতিরা উপস্থিত ছিলেন।
