ইডেনছাত্রীকে হয়রানি: অভিযুক্তকে চাকরিচ্যুত করে বাসমালিকের জিডি
ইডেন কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠার পর অভিযুক্ত বাস সুপারভাইজারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবহন কর্তৃপক্ষ।
ঢাকা-নোয়াখালী রুটের একুশে এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান মঙ্গলবার মুগদা থানায় এই জিডি করেন।
অভিযুক্ত সুপারভাইজার মনির হোসেনকে চাকরিচ্যুতির সিদ্ধান্তও কোম্পানির বোর্ডসভায় নেওয়া হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মুগদা থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একুশে পরিবহনের একজন কর্মকর্তা জিডি করেছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।”
শনিবার বিকালে নোয়াখালী থেকে একুশে এক্সপ্রেসের একটি বাসে ঢাকায় ফেরার সময় যৌন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেন ইডেন কলেজের মাস্টার্সের এক শিক্ষার্থী।
এরপর মালিক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপন করছে অভিযোগ তুলে আন্দোলন চালানোর হুমকি দেন ওই ছাত্রীর বন্ধুরা।
একুশে এক্সপ্রেস কর্তৃপক্ষের জিডিতে উল্লেখ করা হয়, “উল্লেখিত ব্যক্তি আমাদের পরিবহনের একজন সুপারভাইজার হিসেবে কর্মরত থাকাবস্থায় বিগত ১৬ এপ্রিল একজন মহিলা যাত্রীর সঙ্গে অস্বাভাবিক আচরণ করে। যাহা অত্যন্ত দুঃখজনক ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রতীয়মান।
“যার পরিপ্রেক্ষিতে আমাদের কোম্পানির বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত ক্রমে সুপারভাইজারকে চাকুরিচ্যুত করা হল।”
একুশে এক্সেপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নারী থানায় কোনো অভিযোগ করেনি। আমরা আমাদের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছি।”
মনিরকে পুলিশে সোপর্দ করতে চাইলেও ‘পলাতক’ থাকায় সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
