২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও-টিভির শিল্পীদের সম্মানী দ্বিগুণ করার দাবি

রেডিও ও টেলিভিশনের শিল্পীদের সম্মানী ভাতা দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন কণ্ঠশিল্পী আব্দুল জব্বার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:50 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করে নব গঠিত ‘বাঙালি সাংস্কৃতিক জোট’ নামে একটি সংগঠনের পক্ষে এই দাবি জানান তিনি।

জোটের নেতাদের মধ্যে গীতিকার সাইফুল আজম বাশার, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, অভিনেত্রী দিলারা ইয়াসমিনও ছিলেন মন্ত্রীর সঙ্গে বৈঠকে।

কণ্ঠশিল্পী জব্বার বলেন, “রেডিও-টেলিভিশনে গান গাওয়া শিল্পীদের সম্মানী খুবই নগণ্য। তাই তাদের সম্মানী দ্বিগুণ করার আহ্বান জানাচ্ছি।”

চিত্রনায়ক ফারুক সংস্কৃতিকর্মীদের সরকারি বিভিন্ন কমিটিতে রাখার আহ্বান জানান।

তথ্যমন্ত্রী শিল্পীদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, “বিষয়টির একটি সংস্কৃতি মন্ত্রণালয়ের। আমার মন্ত্রণালয়ের অধীনে যতটুকু রয়েছে, তা আমি দেখব।”

জঙ্গি, স্বৈরাচার ও রাজাকারদের মোকাবেলায় সংস্কৃতিকর্মীদের সক্রিয়তা প্রত্যাশা করেন তিনি।

জোটের আহ্বায়ক সাইফুল আজম জানান, ৪০টি সংগঠনকে নিয়ে এই জোট গঠন হয়েছে।