শাহজালালের নিরাপত্তা প্রধানকে সতর্ক করল ভ্রাম্যমাণ আদালত
যাত্রী হয়রানির অভিযোগ তদন্তে সহায়তা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরি করায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে সতর্ক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এক বিমানযাত্রীর কাছে অভিযোগ পাওয়ার শুনানিতে সোমবার দুপুরে নিরাপত্তা প্রধান (সিএসও) ইফতেখার জাহান হোসেনকে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত তলব করলে নিরাপত্তাকর্মীরা হট্টগোল বাঁধায়।
বিকালে ইফতেখার আদালতের সামনে এলেও বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মচারীদের হৈ চৈ থামেনি। এরমধ্যেই শুনানির পর তাকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ।
দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ায় প্রাতিষ্ঠানিক সুনাম সমুন্নত রাখার স্বার্থে বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহানকে ‘সর্বোচ্চ সতর্ক’ হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে ম্যাজিস্ট্রেট ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তবে ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদিন আগের একটি ঘটনা নিয়ে নির্বাহী ম্যজিস্ট্রেটদের সঙ্গে কথা হয়েছে। কোনো শুনানিতে অংশগ্রহণ করিনি।”
দায়িত্ব পালনে গাফিলতির স্বীকারোক্তি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনের কলটি কেটে দেন তিনি। পরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
দুবাইগামী ফ্লাইটের এক যাত্রীর অভিযোগের তদন্তে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউসুফ তলব করেছিল নিরাপত্তা প্রধান ইফতেখারকে।
শনিবার ওই যাত্রী অভিযোগ করেন, তল্লাশির সময় তার মানিব্যাগ থেকে এক নম্বর বোর্ডিং গেইটের আর্চওয়েতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা টাকা সরিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ সোমবার দুপুরে নিরাপত্তা প্রধানকে তলব করলেও তিনি হাজির হচ্ছিলেন না। উল্টো নিরাপত্তাকর্মীরা হট্টগোল করতে থাকেন।
বেলা ৩টার দিকে ইফতেখার জাহান আসেন আদালতে। তিনি স্বীকার করেন, আইনি বাধ্যবাধকতা থাকার পরও ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা করে ভুল করেছেন তিনি।
এই সময় উপস্থিত বিমানবন্দরের পরিচালক জাকির হোসেন ভবিষ্যতে সবাইকে একসঙ্গে বিমানবন্দরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সুনামের সঙ্গে কাজ করার জন্য সব সংস্থার সুসমন্বয় প্রত্যাশা করেন।
