সিএসওকে তলব করায় শাহজালালে হট্টগোল
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) ইফতেখার জাহানকে ম্যাজিস্ট্রেট কোর্টে তলব করায় হট্টগোল করেছে সিভিল এভিয়েশনের একদল নিরাপত্তাকর্মী।
সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই হট্টগোল চলে। এসময় সিএসও নিজেও উপস্থিত ছিলেন।
হট্টগোলের মধ্যে উত্তেজিত নিরাপত্তা কর্মীদের শান্ত করতে বেশ বেগ পেতে হয় বিমান বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মুহাম্মদ ফরহাদ হোসেনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব হট্টগোলের ছবি তুলেছিলেন। তবে সিভিল এভিয়েশনের নিরাপত্তা সুপারভাইজার বিশ্বজিৎ মোবাইলে তোলা দুটি ছবি মুছে দেন।
বেলা সোয়া ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে নিরাপত্তাকর্মীরা কাজে যোগ দেন।
উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের কাছে দুবাইগামী একযাত্রী শনিবার অভিযোগ করেন- তার মানিব্যাগ থেকে এক নম্বর বোর্ডিং গেইটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা টাকা নিয়ে গেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ জানান, বিষয়টি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।
“ডিএসও মাহমুদা খানম উল্টো ফোন করে ম্যাজিস্ট্রেটকে তাচ্ছিল্যের সুরে বলেন- যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কী কারণে পাঠাতে হবে? কারণ না বললে তাদের পাঠানো সম্ভব না।”
এরই ধারাবাহিকতায় সোমবার সিএসও এবং ডিএসওকে বেলা সাড়ে ১২টায় তলব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, যদিও বেলা দেড়টা পর্যন্ত তারা হাজির হননি।
পরে সিএসও এলে তার উপস্থিতিতেই ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হৈ চৈ করতে থাকেন নিরাপত্তাকর্মীরা।
নিরাপত্তাকর্মীদের হৈ চৈ এর কারণ জানতে চাইলে সিএসও বলেন, “আমি একটা মিটিংয়ে রয়েছি। পরে কথা বলব।”
