শনিবার বৃষ্টির আভাস ঢাকায়
চলমান তাপদাহের মধ্যে শনিবার ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত এক সপ্তাহ ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শুক্রবারও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, দিনাজপুর ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
শনিবারও বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় ঢাকায় ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিতে কিছুটা স্বস্তি আনলেও দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি।
পরবর্তী ২৪ ঘণ্টার (শনিবার) পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
পরবর্তী ৭২ ঘণ্টায় (সোমবারের মধ্যে) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।
