বিডিনিউজ টোয়েন্টিফোরের বর্ষবরণ আয়োজনে নানা মতের ঐকতান
রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী,অভিনয়শিল্পী- বাংলাদেশের নানা অঙ্গনের নেতৃস্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে এক হয়ে উদযাপন করলেন বাঙালির চিরায়ত উৎসব নববর্ষ।
পহেলা বৈশাখে বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত এসব অতিথিরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেতে ছিলেন আড্ডা আর গল্পে। তাদের আপ্যায়িত করা হয় দেশীয় ঐতিহ্যবাহী সব খাবারে।
রাজনীতিকদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের এবং আওয়ামী লীগের সংসদ সদস্য মাহজাবীন খালেদ।
হাসিমুখে তিন প্রধান দলের নেতাদের এই আড্ডায় বোঝার উপায় ছিল না রাজনৈতিক অঙ্গনে তারাই বিরোধপূর্ণ অবস্থানে আছেন।
কবরী ছিলেন সেই হাসি নিয়ে
শিল্পী দম্পতির সঙ্গে মাহজাবীন খালেদ
তাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীও, যদিও রাজনীতিক থেকে অভিনেত্রী হিসেবেই খ্যাতিমান তিনি। স্ত্রী বীণা শিকদারকে নিয়ে এসেছিলেন ডাকসুর সাবেক জিএস মুশতাক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আনন্দ উদযাপনে সঙ্গী হয়েছিলেন অভিনেতা পীযূষ বন্দোপাধ্যায়, তার স্ত্রী অভিনেত্রী জয়শ্রী কর জয়াও।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ছাড়াও বিচার বিভাগের উর্ধ্বতন কয়েকজন ব্যক্তিও যোগ দেন ঘরোয়া এই অনুষ্ঠানে। ছিলেন অর্থনীতিবিদ এম এ তসলিম ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিমও।
সবার সঙ্গে ইইউর মিশন প্রধান পিয়ের মায়োদোন
অতিথিরা কেউ আলাপে, কেউবা খাবার গ্রহণে
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান পিয়ের মায়োদোনসহ বিভিন্ন দূতাবাসের বেশ কয়েকজন কর্মকর্তা বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্রের উৎসবের সঙ্গী হন। যোগ দেন রেডক্রসের বাংলাদেশ মিশন প্রধান বোরিস কেলেসেভিচও।
এতে যোগ দেন প্রধানমন্ত্রীর সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলামসহ জনপ্রশাসনের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীও ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযোদ্ধা মাসুদ সাদিক চুল্লু এবং একাত্তরে অবদানের জন্য সম্মাননায় ভূষিত বিদেশি বন্ধু জুলিয়ান ফ্রান্সিসও। ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।
সবাই মগ্ন আলাপে, তৌফিক ইমরোজ খালিদীর ব্যস্ততা অভ্যর্থনায়
মালিহা কাদির ও খালিদ কাদিরের সঙ্গে আলাপে সাবেক সচিব কাজী আমিনুল ইসলাম
ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
সহজ ডটকমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আনন্দ আয়োজনে সঙ্গী হন স্বামী ইক্যুইটি ফান্ড ব্রুমার অ্যান্ড পার্টনারস অ্যাসেটস ম্যানেজমেন্ট বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা ও অংশীদার খালিদ কাদিরকে নিয়ে।
অনুষ্ঠানে ছিলেন ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু সাঈদ খান, এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীর।
বর্ষবরণের এই আয়োজনে অতিথিদের আপ্যায়ন পর্বে দেশীয় ঐতিহ্যের ইলিশ-পান্তার সঙ্গে ছিল ঘরে তৈরি নানা খাবার। ভাজা ইলিশের সঙ্গে ছিল সর্ষে ইলিশ। কচুর লতি দিয়ে রান্না হয় ইলিশ মাছের মাথা।
আপ্যায়ন হয় দেশীয় খাবারে
দেশীয় খাবারের মধ্যে ছিল ভর্তার সম্ভার
নিমন্ত্রণের এই আয়োজনে লাল চাল ও সাদা চালের ভাতের সঙ্গে ছিল ভর্তার সম্ভার। এর মধ্যে ছিল বেগুন ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা,কালিজিরা ভর্তা, চিংড়ি ভর্তা, শুঁটকি ভর্তা। বেগুনের সঙ্গে রূপচাঁদা শুঁটকি, কচুর কয়েকটি মুখোরোচক খাবারে আপ্যায়িত হন অতিথিরা।
মুরগি ভুনা, খাসির রেজালার সঙ্গে ছিল আচার দিয়ে গরুর মাংস। চিংড়ি-করলা ভাজা, ছোট মাছের চচ্চড়িও ছিল খাবারের তালিকায়।
ঘরে তৈরি চটপটি, সিঙ্গারা ও পুরি ছাড়াও আপ্যায়ন পর্বে ছিল ডাবের পানি, কাঁচা আম ও তেতুলের রস।
সব শেষে সবাইকে মিষ্টিমুখ করা হয় পায়েস, দই, পুডিং, সেমাই, সাভারের রসগোল্লা ও মানিকগঞ্জের চমচমে।
