ঢাকায় সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত
রাজধানীর হোটেল র্যাডিসনের কাছে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফা (৪৫) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার রাতে ৮টার দিকে জিয়া কলোনি সংলগ্ন এলাকায় ফ্লাইওভারের গোড়ায় একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এনএসআই’র ফিল্ড অফিসার (এফও) গোলাম মোস্তফা ছিটকে পড়েন।
তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, আজমেরি পরিবহন নামের বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
ওসি বলেন, গোলাম মোস্তফা বনানীর দিক থেকে আসছিলেন। বাসটিও একই দিক থেকে আসছিল।
“রেল লাইনের উপর ফ্লাইওভার পার হয়ে ঢালে নামার সাথে সাথে পেছন থেকে বাসটি তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়।”
