২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ববোধ থেকেই বর্ষবরণে বিধি-নিষেধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তাজনিত ‘দায়িত্ববোধ’ থেকে বাংলা নববর্ষের অনুষ্ঠানের সময় কমানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 07:25 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

বুধবার বিকালে পহেলা বৈশাখকে সামনে রেখে রমনা বটমূলে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নববর্ষের অনুষ্ঠানের সময় কমিয়ে ৫টা পর্যন্ত করায় বছর ধরে এই উৎসবের অপেক্ষায় থাকা অনেকেই এর সমালোচনা করছেন।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “দেখেন, এটা উৎসবের দিন। তারা (যারা বিরোধী প্রতিক্রিয়া জানাচ্ছে) আরও উৎসব চায়, এটাই স্বাভাবিক।

“নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব মনে করেই কিছু কিছু বিধি-নিষেধ আমরা আরোপ করেছি।”

বিকাল ৫টার মধ্যে উৎসব শেষ করার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন, “সন্ধ্যার আগেই যেন এখান থেকে সবাই চলে যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমরা সবাইকে এই আবেদনটাই রাখব যেন তারা আমাদের সহযোগিতা করেন।”

গত বছরের ঘটনার পুনরায়বৃত্তি ঠেকাতে কোনো পরিকল্পনা বা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরাতো বলছি, সন্ধ্যার আগেই যেন সব মানুষ তাদের যার যার জায়গায় চলে যায়। সেই জন্যই এই ব্যবস্থা।”

সাধারণ মানুষের নিরাপত্তায় সারাদেশেই নানা কর্মপদ্ধতি ও আয়োজন রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

গত বছর পহেলা বৈশাখে ভিড়ের মধ্যে টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ফটকের কছে একদল যুবক যৌন নিপীড়ন করে নারীদের।

এবারের বর্ষবরণের অনুষ্ঠানে ভুভুজেলা নিষিদ্ধ করা হয়েছে, সেই সঙ্গে মুখোশ পরাও নিয়ন্ত্রণ করার ঘোষণা এসেছে।

সব ধরনের প্রস্তুতি শেষ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নিরাপদে দিনটি উপভোগ করতে সব ধরনের নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়েছে।

“আমরা শুধু ক্যামেরা রাখিনি। আমরা সমস্ত কিছু কন্ট্রোলে রাখার জন্য পুরো এলাকা (রমনা, সোহরাওয়ার্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয়) মাইকের আওতায় নিয়ে আসছি।”

সিসি ক্যামেরায় দেখে নিয়ন্ত্রণকক্ষে বসেই মাইকে নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।

ডিএমপির ডগ-স্কোয়াড

বুধবার রমনা বটমূলে ডিএমপির একটি ডগ-স্কোয়াড নিয়ে আসা হয়।

স্কোয়াডের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশর জ্যেষ্ঠ সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, “র‌্যাবের পাশাপাশি পুলিশের ১০টি কুকুর রয়েছে। কুকুরগুলোর প্রশিক্ষণ এখনও শেষ হয়নি। তবে অনেক কিছু শেখানো হয়েছে।”

কুকুরগুলোকে মাদক, আগ্নেয়াস্ত্র শনাক্ত ছাড়াও দাঙ্গা দমনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।