২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চেক জালিয়াতি: রাজউক কর্মকর্তা রিমান্ডে

চেক জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজউকের প্রকল্প পরিচালক এস এম শফিকুর রহমানকে এক দিনের হেফাজতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:04 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

দুদকের আবেদনের উপর শুনানি শেষে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক আসামির উপস্থিতিতে রিমান্ডের এ আদেশ দেন।

গুলশান থানার এই মামলায় আসামি শফিকুরকে সাত দিনের জন্য হেফাজতে চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম।

রিমান্ড আবেদনে বলা হয়, রাজউকের মতো একটি প্রতিষ্ঠানে পরিচালক পদমর্যাদার কর্মকর্তা হয়ে আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদী ফেরদৌস কবিরকে অন্যের চেক বইয়ের একটি পাতা টেম্পারিং করে নিজের নাম ব্যবহার করে বাদী ও অন্য সাক্ষীর উপস্থিতিতে স্বাক্ষর করেন। বাদী চেকটি নিয়ে ব্যাংকে গেলে কর্তৃপক্ষ ব্যাংক হিসাবের সঙ্গে হিসাবধারী নামের অমিল থাকায় চেকটি পাস করেনি।

“মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অন্য কোনো সহযোগী ছিল কি না অথবা প্রকৃতপক্ষে এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।”

শফিকুরকে সোমবার ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। ২০১৫ সালের জুলাই মাসে চেক জালিয়াতির মাধ্যমে তিনি ৪ লাখ টাকা আত্মসাৎ করেন বলে ব্যবসায়ী ফেরদৌস কবিরের অভিযোগ।