২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামের ৭২ মামলা স্থগিত

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা ৭২টি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 05:07 PM

Updated : 12 Apr 2022, 01:49 AM

মাহফুজ আনামের এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেয়।

মামলাগুলো দায়ের ও মামলার কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

জরুরি অবস্থার সময় ‘ডিজিএফআইয়ের সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ যাচাই না করে প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদককে আসামি করে দেশের বিভিন্ন স্থানে এই মামলাগুলো হয়।

এসব মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২৭ মার্চ হাই কোর্টে রিট আবেদন করেন মাহফুজ আনাম। আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। 

এর আগে ৩ এপ্রিল মানহানির ৬৬ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পান মাহফুজ আনাম।

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

ওই সময়ের ঘটনা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সেই সংবাদ প্রকাশ করা ছিল তার ‘বিরাট ভুল’।

তার ওই স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে ৮৩টি মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা।

এর মধ্যে সিলেটে একটি মামলা খারিজ হয়। বাকি ৮২টি মামলার মধ্যে ৭২টির বৈধতা চ্যালেঞ্জ করে এই রিট আবেদন করেন মাহফুজ আনাম।