খাদ্য মজুত নিয়ে সতর্ক হয়ে সংবাদ দিন: কামরুল
খাদ্যের মজুত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে আরও সতর্ক হয়ে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার রাজধানীর খাদ্য ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের শীর্ষ একটি দৈনিক পত্রিকা লিখেছে- আমাদের নাকি ধারণক্ষমতা কম, আমরা খুব বেকায়দায় আছি। এভাবে জনগণকে বিভ্রান্ত করেন কেন?”
গত ৬ মার্চ দৈনিক প্রথম আলোতে ‘চাল উদ্বৃত্ত, তবু আমদানি চলছে’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, রপ্তানির চেয়ে আমদানি ৩০ গুণ বেশি। নতুন শস্য কেনা হবে ১৮ লাখ টন; গুদামে জায়গা মাত্র ৬ লাখ টনের।
অনুষ্ঠানে পত্রিকাটির নাম উল্লেখ না করে খাদ্য মজুত প্রক্রিয়ার প্রসঙ্গ তুলে কামরুল ইসলাম বলেন, “একদিনে কি ২০ লক্ষ মেট্রিক টন খাদ্য গোডাউনে আসে? একদিনে কি সব খাদ্য বেরিয়ে যায়? একদিনে যদি ২ লক্ষ মেট্রিক টন আসে তাহলে ১ লক্ষ মেট্রিক টন খাদ্য বেরিয়ে যায়। আবার ১ লক্ষ মেট্রিক টন খাদ্য গোডাউনে ঢুকলে বেরিয়ে যায় ২ লক্ষ মেট্রিক টন।
“আমি আপনাদের সমালোচনা করছি না। কিন্তু লেখার ক্ষেত্রে একটু সতর্ক হবেন সে অনুরোধ করছি।”
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে গুদামের ধারণক্ষমতা ৩০ লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হবে বলে জানান তিনি।
“বর্তমানে আমাদের গোডাউনের ধারণক্ষমতা ২০ লক্ষ মেট্রিক টন। খুব শিগগিরই এটি ২৫ লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হবে। পর্যায়ক্রমে এটি ৩০ লক্ষ মেট্রিক টনে উন্নীত হবে।”
খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা তৈরির বিষয়ে মন্ত্রী কামরুল বলেন, “প্রত্যেক মন্ত্রণালয়ের নিয়োগ বিধিমালা অনুমোদন হয়েছে ৮২ এর ফরমান বলে। কিন্তু আমাদের এটা মার্শাল ল’ ফরমান বলে হয়েছে, আইনের মাধ্যমে হয়নি।
“ফলে আমাদের নিয়োগ বিধিমালা আটকে আছে, এটি সংশোধন করতে হবে; নতুন বিধিমালা করতে হবে।”
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, “আপনাদের যে বদনাম ছিল তা আর শুনতে চাই না। আপনাদের সুনাম হলে মন্ত্রণালয়ের সুনাম হবে, ওসব বদনাম দূর করতে হবে।
“নতুন ডিজি সৎ মানুষ। আপনারা তাকে কোনো ধরনের পদোন্নতি বা কোনো অনৈতিক চাপ দিবেন না। কারণ সময় বদলেছে, এখন আর আগের মতো চলবে না।”
খাদ্য আমদানিতে ‘নিজেদের স্বচ্ছতার’ কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী বলেন, “এখন খাদ্যের জাহাজ ফিরে যায়, কেন? শতভাগ মানসম্পন্ন না হলে আমরা জাহাজ ফিরিয়ে দেই। আগে আমরা ১০ প্রোটিনের গম আমদানি করতাম, এখন সময় বদলেছে। আমরা সাড়ে ১২ প্রোট্রিনের গম আমদানি করছি।
এসময় খাদ্য নিয়ে আওয়ামী লীগ সরকারের ‘সফলতার’ প্রসঙ্গ তুলে বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি।
“৯৬ এর সরকারের সময় আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। কিন্তু পরবর্তীতে বিএনপি এসে দেশকে খাদ্য ঘাটতিতে ফেলে যায়। আবার আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
“এখন আমরা চাল রপ্তানি করছি শ্রীলঙ্কায়, আমাদের খাদ্যের মান নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আফ্রিকায় আমরা বাজার খুঁজছি, লিবিয়া আমাদের চালের স্যাম্পল নিয়েছে।”
সমিতির সভাপতি আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, খাদ্য সচিব এ এম বদরুদ্দোজা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ফয়েজ আহমদ ও সমিতির মহাসচিব উত্তম কুমার দাস।
