দুটি ট্যাঙ্কার নির্মাণে চীনের সঙ্গে চুক্তি
এক লাখ মেট্রিকটন ধারণ ক্ষমতার দুটি ট্যাঙ্কার নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
সচিবালয়ে বৃহস্পতিবার বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম হাবিবুর রহমান ভূঁইয়া এবং চায়না পেট্রোলিয়াম টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট ফ্যান শিহং চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী চীনের প্রতিষ্ঠানটি আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশকে ট্যাঙ্কার দুটি নির্মাণ করে দেবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জিটুজি পদ্ধতিতে প্রতিটি ট্যাংকার নির্মাণে ব্যয় হবে প্রায় ৫০ মিলিয়ন ইউএস ডলার।
“শিপিং করপোরেশনের বহরে এই জাহাজ দুটি যুক্ত হলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিদেশ থেকে অপরিশোধিত তেল চট্টগ্রাম বহিঃনোঙ্গর পর্যন্ত পরিবহণ করতে পারবে।”
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে বর্তমান পাঁচটি জাহাজ রয়েছে।
নৌমন্ত্রী শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
