২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি সরণিতে ‘ফেটেছে’ তিতাসের লাইন

রাজধানীর প্রগতি সরণিতে তিতাসের একটি গ্যাসলাইন ফেটে গ্যাস বেরুনোর অভিযোগ করেছেন স্থানীয়রা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বাড্ডা নতুন বাজার থেকে উত্তরে ২২, প্রগতি সরণি এলাকার এ ঘটনা নিয়ে বুধবার সকাল থেকে বেশ কয়েকবার তিতাসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে অভিযোগ করে প্রতিকার মেলেনি বলেও অভিযোগ তাদের।

বিকাল ৪টার দিকে তিতাসের অপারেশন বিভাগের পরিচালককে বিষয়টি জানালে তিনি এর আগে শোনেননি দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোঁজ নেওয়া হচ্ছে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

বিকাল পৌনে ৫টার দিকে তিতাসের আরেক কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক বলেন, ঘটনাস্থলে দুটি টহল গাড়ি পাঠানো হয়েছে। তবে তারা কিছু খুঁজে পায়নি।

এ বিষয়ে সকাল থেকে কোনো অভিযোগ পাননি বলেও দাবি করেন তিনি।

সেখানে বেসরকারি নিরাপত্তা সংস্থা গ্রুপ ফোর এর একটি কার্যালয় আছে।

কার্যালয়ের কর্মকর্তা রাসেল বলেন, “সকালে অফিসে আসার পর থেকে জ্বালানি গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। পাশে একটি স্থান থেকে পাইপলাইন ফেটে গ্যাস বেরুচ্ছে।”

সকালেই বিষয়টি তিতাসের অফিসে জানানো হয় দাবি করে তিনি বলেন, “তাদের কোনো সাড়া নেই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। তারা বলছে- আগুন না লাগলে সেখানে তাদের কাজ নেই।”

পুরনো খবর:

গ্যাস লিকেজ: বনানীর বাড়িতে অগ্নিকাণ্ড
বনানীর ক্ষতিগ্রস্ত ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা