ইরফানুল হত্যা: রহস্য উদঘাটনে সিসি ক্যামেরার খোঁজে পুলিশ
ব্যাংক থেকে অফিসের টাকা তুলতে গিয়ে নিখোঁজের কয়েকঘণ্টা পর দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ উদ্ধারের ঘটনার পরদিনও তার হত্যা রহস্য উদঘাটন হয়নি।
এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই এমদাদুল ইসলাম সোমবার সকালে কলাবাগান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইরফানুল নিখোঁজের সময় থানায় জিডি করার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে।
রোববার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়কের ডাচ-বাংলা ব্যাংক থেকে অফিসের জন্য তিন লাখ টাকা তোলার পর নিখোঁজ হন ইরফানুল; এর ঘণ্টাপাঁচেক পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার লাশ পাওয়া যায়।
ব্যাংক থেকে বের হয়ে ফুটপাত ধরে তার হাঁটার দৃশ্যও সিসি ক্যামেরায় দেখা গেছে বলে ইতোমধ্যে জানিয়েছে পুলিশ।
তবে ব্যাংকের সিসিটিভি ফুটেজে তার অবস্থান শনাক্ত হলেও হত্যা রহস্য উন্মোচনে ধানমন্ডির ৮ নম্বর সড়কের আশেপাশের কোনো ভবনে সিসি ক্যামেরা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ পরিদর্শক আশরাফ।
তিনি বলেন, “ব্যাংক থেকে বের হওয়ার পর সম্ভব্য যে রাস্তা দিয়ে উনি চলাচল করেছেন সে সব রাস্তার পাশে কোনো বাণিজ্যিক ভবন বা আবাসিক ভবনে সিসি ক্যামেরা আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে।
“পাশাপাশি স্বাভাবিক নিয়মে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয় সব কিছুই করা হচ্ছে।”
ইরফানুলের সহকর্মী রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “পুলিশ তদন্ত শুরু করেছে। ইরফানুলের পরিবার বিচারের আশায় রয়েছে।”
