২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজনের মৃত্যু: শাহবাগে সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধার মৃত্যুর প্রতিবাদে শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

শিক্ষার্থীদের এই অবরোধের কারণে সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড় হয়ে সব দিকে যান চলাচল বন্ধ থাকে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক তানভীর আহমেদ।

তিনি বলেন, শিক্ষার্থীরা শাহবাগ চত্বর ঘেরাও করে ‘সুজন হত্যার বিচার চাই,’ ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দেন।

বিকালে প্রথমে সুজনের মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধে নামলেও পরে আরও কয়েকশ শিক্ষার্থী এতে যোগ দেন।

এর মধ্যেই আন্দোলনকারীদের আহ্বায়ক সৈকত কুমার রিকি সাংবাদিকদের সামনে চারটি দাবি তুলে ধরেন।

দাবির মধ্যে রয়েছে- সুজন মৃধা হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, ‘সুজন মৃধা ব্যালেট চুরি করতে গিয়ে সংঘর্ষে মারা গেছে’ বলে পুলিশের মিথ্যাচারমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে, সুজনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে এবং তার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এসময় তিনি মঙ্গলবার সকাল ১১টায় শাহবাগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

সুজনের বন্ধু শফিকুল ইসলাম বলেন, “পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের বিষয়ে আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

“পরিবারের পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ মামলা নেয়নি। সোমবার পরিবারের পক্ষ থেকে জজ কোর্টে একটা মামলা করা হয়েছে। আমরা সেই মামলার অগ্রগতি চাই।”

ঘটনাস্থলে শাহবাগ থানার পরিদর্শক আবুল কালাম জানান, রাস্তার চারদিক বন্ধ করে দিয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছেন।

সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে চলে গেলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

গত ৩১ মার্চ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের দিন মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের ভোট গণনার সময় গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুজন মৃধা।

সুজনের দাদা মোতালেব মৃধা সদস্য পদে নির্বাচন করায় ভোট দিতে এলাকায় গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র। ভোট গণনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের গুলিতে সুজন মারা যান বলে পরিবারের সদস্যদের অভিযোগ।

এই ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সহপাঠীরা শনিবার শাহবাগ এবং রোববার প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন।