২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২০ সালে কারিগরিতে পড়বে ২০% শিক্ষার্থী, আশা শিক্ষামন্ত্রীর

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ২০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষামুখী হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 06:20 PM

Updated : 25 Jul 2022, 09:23 PM

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে শুক্রবার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সহযোগিতায় দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন করে মন্ত্রী তার এই প্রত্যাশার কথা জানান।

নাহিদ বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ২০০৮ সালে যেখানে কারিগরিতে শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ।

“২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে, এমনকি তার চেয়ে বেশি হবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা বলা হয়।

কারিগরি শিক্ষা যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে উচ্চ শিক্ষা লাভ করে হাজার হাজার তরুণ-তরুণী বেকার থাকলেও কারিগরি শিক্ষা বা প্রশিক্ষণ নিয়ে কেউ বেকার নেই।

“পাস করার সঙ্গে সঙ্গে তারা চাকরি পায়। দক্ষতা অর্জন করতে পারলে তাদেরকে চাকরি খুঁজতে হবে না, চাকরিই তাদের খুঁজে বের করবে।”

বাংলাদেশের সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ১৫ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

২৩টি আন্তর্জাতিক মানের পলিটেকনিক ইনস্টিটিউটসহ দেশের প্রতিটি উপজেলায় একটি করে নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।

কারিগরি শিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, চারটি বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, বাকিগুলোতে স্থাপনের কাজ এগিয়ে চলছে।

পলিটেকনিকে ভর্তিতে নারীদের জন্য ২০ শতাংশ কোটা সংরক্ষিত আছে। এছাড়া পলিটেকনিকের সব ছাত্রীই সরকারি বৃত্তি পান।

চাকরি মেলায় অংশ নেওয়া ৩০টি প্রতিষ্ঠান ‘স্পট ইন্টারভিউ’ নিয়ে কারিগরির শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে চাকরি দেবে।

চাকরি মেলায় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে একটি প্রতিষ্ঠান স্পট ইন্টারভিউ নিয়ে দুই জনকে চাকরির নিয়োগপত্রও তুলে দেয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. ইমরান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেসন্স অফিসার মোখলেছুর রহমান, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাহার হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।