সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠ থাকতে শিক্ষার্থীদের পরামর্শ অধ্যাপক আরেফিনের
গণমাধ্যমে কর্মরত নিজের ছাত্রদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রচারের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ, বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই পরামর্শ দেন তিনি।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “তোমরা সব সময় দায়িত্বের কথা স্মরণ রাখবে, সত্য কথা বলবে, সত্যকে খুঁজে বের করবে, সত্যের অন্বেষণে জীবনের ঝুঁকি নেবে এবং বস্তুনিষ্ঠভাবে সত্য প্রচার ও সম্প্রচার করবে।”
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, অধ্যাপক সাখাওয়াত আলী খান, অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আলমগীর হোসেন এবং সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী বক্তব্য রাখেন।
