মে-জুনের মধ্যে খুলতে পারে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়ক
প্রধানমন্ত্রীর সায় পেলে আগামী মে থেকে জুনের কোনো সময়ে ঢাকা-চট্টগ্রাম চারলেন মহাসড়কের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী মোটর শো-এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেতুমন্ত্রী বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেখতে গতকাল সড়ক পথে চট্টগ্রাম থেকে ফিরেছি। অবকাঠামো নির্মাণ কাজ শেষ। শ্রমিকরা এখন ফিনিসিংয়ের কাজ করছেন।
“আগামী মে অথবা জুনে প্রধানমন্ত্রী সময় দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন চালু হবে।”
এর আগে তিনবার প্রকল্পের মেয়াদ বাড়িয়েও যথা সময়ে শেষ করা যায়নি এর কাজ।
গত নভেম্বরে এক অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন সেতুমন্ত্রী।
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করার প্রকল্পটির জন্য ২০০৬ সালে উদ্যোগ নেয় সরকার।
সে সময় প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছিল ২০১০ সাল পর্যন্ত। আর ব্যয় নির্ধারণ করা হয় ২ হাজার ১৬৫ কোটি টাকা।
পরে ব্যয় বৃদ্ধি ছাড়াই সময়সীমা ২০১২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু নানা সমস্যার কারণে সে সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কাজের ধীর গতি নিয়ে বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছিলেন ওবায়দুল কাদের।
মাঝে ভারত থেকে পাথর আমদানি বন্ধ হওয়ায় কাঁচামাল সঙ্কটের কারণেও কাজের গতি কমিয়ে দিতে হয়েছিল।
২০১৩ সালে দ্বিতীয় দফায় প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো হয়। ওই সময় প্রকল্পটির ব্যয় ৩ হাজার ১৯০ কোটি টাকায় উন্নীত করে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ ১০টি প্যাকেজে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সাতটি প্যাকেজের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোহাইড্রো। আর বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন পায় দুটি এবং তাহের ব্রার্দাস পায় একটি প্যাকেজের কাজ।
