২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের হস্তক্ষেপে ২০ দিন পর ক্লাসে মালিহা-মানিউ

স্কুল মাঠ নিয়ে বাবার কথায় বরখাস্ত হওয়ার পর আদালতের আদেশে ২১ দিনের মাথায় ফের রাজধানীর স্যার জন উইলসন স্কুলে যাওয়ার সুযোগ পেল মালিহা মুসকান আহমেদ ও তার ভাই মানিউ আহমেদ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 06:48 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

মালিহা ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী, আর মানিউ পড়ে ক্লাস ওয়ানে।

আদালতের আদেশে তারা স্কুলে যাওয়ার সুযোগ পেলেও এখন তাদের আবার হয়রানির শিকার হতে হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বাবা-মা।

দুই শিক্ষার্থীর বাবা মিনহাজ আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ স্কুলে গিয়ে প্রিন্সিপাল মির্জা টি এইচ বেগ ও ভাইস প্রিন্সিপাল সাবরিনা শহীদ হাফিজের সঙ্গে আমি ও আমার স্ত্রী মেরিনা জামান খান কথা বলেছি।

“তাদের বলেছি, প্রায় ২০ দিন ধরে মালিহা ও মানিউ স্কুলের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া হাই কোর্টে রিট আবেদন করায় তারা আবার কোনো ধরনের নির্যাতনের শিকার হবেন না তো? তাদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে কি না।”

তাদের ‘আর কোনো সমস্যা হবে না’ বলে স্কুল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি।

কোনো সমস্যার কথা জানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।

মিনহাজ জানান, গত ১০ মার্চ তার ছেলেকে স্কুল থেকে আনতে গেলে ওই স্কুলের অভ্যর্থনা কক্ষে থাকা এক কর্মী জানতে চান, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেমন হয়েছে। জবাবে তিনি বলেন, ভালোই। তবে স্কুলের মাঠটি এতই ছোট যে সেখানে ঠিকভাবে খেলাধুলা করা যায় না।

এ সময় অভ্যর্থনা কক্ষের কর্মী বিষয়টি প্রকল্প পরিচালক এম এ রউফকে জানাতে বলেন।

“এ নিয়ে তার সঙ্গে কথা বলার একপর্যায়ে এক ব্যক্তি এগিয়ে এসে নিজেকে প্রকল্প পরিচালক পরিচয় দিয়ে কথা বলতে চান। এরপর মাঠ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।

“আমি উনাকে বলি, স্কুলটি যেহেতু জমি কিনে নিজেদের জায়গায় ভবন করেছে, সেখানে মাঠটা একটু বড় করলেই হতো। এতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তর্ক শুরু করেন। আমি তখন এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হইনি।”

তবে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পর ওই দিন বিকালেই স্কুল কর্তৃপক্ষের একটি চিঠি পান, যাতে বলা হয়, তার দুই সন্তান আর এই স্কুলে পড়তে পারবে না।

এরপর বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও কোনো সুরাহা না হওয়ায় আদালতের শরণাপন্ন হন মিনহাজ। স্কুল কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে ২০ মার্চ হাই কোর্টে একটি রিট আবেদন করেন তিনি।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ বিষয়টির শুনানি নিয়ে মঙ্গলবার এক আদেশে স্কুলে ওই শিশু দুটির নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বলে।

মিনহাজের আইনজীবী ব্যারিষ্টার মনিরুজ্জামান আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিনহাজ আহমেদ বুধবার আদালতের নির্দেশনার অনুলিপি স্কুল কর্তৃপক্ষকে দেখানোর পর তারাও তাকে একটি চিঠি দিয়ে তার সন্তানরা স্কুল করতে পারবে বলে জানায়। এরপর বৃহস্পতিবার ওই দুই শিক্ষার্থী ক্লাসে যোগ দেয়।

ওই স্কুলের প্রিন্সিপাল টি এইচ বেগ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই শিক্ষার্থী ক্লাসে যোগ দিয়েছেন। তাদের ভবিষ্যতে পরীক্ষায় অংশ নিতে কোনো বাধা নেই।

“তারা যেন নিশ্চিন্তে তাদের ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারে সেটি নিশ্চিত করা হবে।”

সন্তানদের জন্য আদালতে যাওয়ার বিষয়ে মিনহাজ বলেন, “আমি আদালতে যেতে বাধ্য হয়েছি কেবল নিজের সন্তানদের জন্য নয়, আমি সবার কথা ভেবেই আদালতে গিয়েছিলাম।

“অভিভাবকের সঙ্গে কথা কাটাকাটি হলে সন্তানকে স্কুল বহিষ্কার করবে- এটা তো ভাবাই যায় না।”

স্যার জন উইলসন স্কুলটি আগে গুলশানে ছিল। মাস তিনেক আগে বাড্ডার সাঁতারকুলে নিজেদের জমিতে নির্মিত স্থায়ী ভবনে এটি স্থানান্তর করা হয়।