‘মনোমুগ্ধকর’ সব ফুলে ‘চিত্তাকর্ষক’ সুবাসও চান কৃষিমন্ত্রী
গবেষণার মাধ্যমে অর্কিড ও জারবেরার মতো ‘মনোমুগ্ধকর’ সব ফুলে ‘চিত্তাকর্ষক’ সুবাস যুক্ত করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফুল উৎসবের উদ্বোধনীতে তিনি বলেন, “সুবাস জিনিসটা আমাদের ফুলের সঙ্গে যুক্ত করতে হবে। যারা ফুল নিয়ে গবেষণা করেন তাদেরকে এ বিষয়টি দেখতে হবে।
“গাঁদা ফুলেরও একটা গন্ধ আছে। জারবেরা ও অর্কিড দেখতে নয়ন সুখকর, কিন্তু তাতে গন্ধ নাই। আমাদের দেশে ফুলের সঙ্গে অনেক বিষয় সংযুক্ত করতে হবে। বিজ্ঞানীরা এক্ষেত্রে সফলতা অর্জন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
নিজের তরুণ বয়স থেকে শুরু করে এই পর্যন্ত ফুলের বিবর্তনের নানা প্রসঙ্গ তুলেন ধরে ষাটের দশকে ছাত্ররাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসাবে খেতাব পাওয়া রাজনীতিক মতিয়া চৌধুরী।
ফুলের বাণিজ্যিক চাষ না হওয়ায় মানুষের বাড়ি থেকে ‘চুপিচুপি’ ফুল সংগ্রহ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কথাও এ সময় বলেন তিনি।
মন্ত্রী বলেন, “এখন সুন্দর ও সুবাসিত ফুলের মালা নিয়ে আমাদের বরেরা বিয়ে করতে যাচ্ছে। বরযাত্রীদের হাতেও কিন্তু রজনীগন্ধার স্টিক থাকে।”
এখন যে কোনো আয়োজনে নানা ধরনের ফুলের ব্যবহার আনন্দ দিলেও ‘বর্সাই গোলাপ’ না দেখার দুঃখ রয়েছে কৃষিমন্ত্রীর মনে।
“বর্সাই গোলাপ এখন দেখি না। এর একটি কোনো ঘরে রাখলে পুরো ঘর সুগন্ধে ভরে যেতো।”
শেখ হাসিনার প্রথম সরকারে কৃষিমন্ত্রী থাকাবস্থায় থাইল্যান্ড সফরের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, “যখন থাইল্যান্ডের ওদের সঙ্গে আলাপ করলাম, তখন বলেছিলাম অর্কিড দেখতে খুব মনোমুগ্ধকর।
“যদি এর সঙ্গে শুধু একটু রজনীগন্ধার মতো সুগন্ধ থাকত, সেখানে রঙও আছে সুগন্ধ আছে, সেটা কতোখানি চিত্তাকর্ষক ও মন স্নিগ্ধকর হতে পারে!”
থাইল্যান্ডের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মিল থাকার কারণে বাংলাদেশেও অর্কিড চাষের অপার সম্ভাবনা আছে বলে মনে করেন তিনি।
কৃষিমন্ত্রী আরও বলেন, “ফুল তার সৌন্দর্য দিয়ে আমাকে আকর্ষণ করবে, সুবাস দিয়ে আমার মন ভরিয়ে দিবে। নয়ন সুখকর, হৃদয় সুখকর ও মন ভরিয়ে দেওয়া ফুল চাই, ফুল চাই, ফুল চাই।”
উন্নয়নের মাধ্যমে দেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের হওয়ায় ফুলের ব্যবহার আরও বিস্তৃত পরিসরে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “পেটে ভাত আছে বলে আমরা এখন ফুলের চিন্তা করতে পারছি।”
অন্য ফসল চাষের জন্য জমি রাখার উপর গুরুত্বারোপ করে কৃষিমন্ত্রী বলেন, লতায় উপরের দিকে ওঠা ফুল এবং ভারতের বিভিন্ন এলাকার মতো জমির আলে ফুল চাষ করার বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশনে বাংলাদেশ ফুল সমিতির উপদেষ্টা গয়েনাথ সরকার বলেন, “১৯৮৩ সালে বাংলাদেশে মাত্র ৩০ একর জমিতে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হলেও এখন দেশের ২৪টি জেলায় এর পরিমাণ সাড়ে তিন হাজার হেক্টর। ২০১৪-১৫ অর্থবছরে ফুলের বাণিজ্য প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে।”
লাভের অগ্রগতি বেশি হওয়া, উৎপাদনে প্রযুক্তির ব্যবহারে কৃষকদের ইতিবাচক মনোভাব, রপ্তানি সম্ভাবনা এবং শহুরে মধ্যবিত্ত শ্রেণির বিকাশের কারণে ফুলের উৎপাদন ও ব্যবহার বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
ফুল সমিতির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মঈনুদ্দিন আবদুল্লাহ, সাবেক সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইউএসএআইডির ঢাকা অফিসের ইকোনমিক গ্রোথ বিভাগের পরিচালক ফরহাদ গাউসি, সমিতির সাধারণ সম্পাদক ইমামুল হোসেন বক্তব্য দেন।
এর আগে সকাল ১০টা থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের নীচতলায় ২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হয় ফুল প্রদর্শনী। মঙ্গলবারের মতো বুধবারও এই প্রদর্শনী সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।
পাশাপাশি বুধবার সর্বসাধারণের জন্য বিনা খরচায় ফুলের তোড়া বানানোর কর্মশালা চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
