২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

রাজধানীতে নিয়ন্ত্রণহীন বাড়ি ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের অসন্তোষের মধ্যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:28 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে ১৯৯১ সালের আইনটি বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দেয়।

শ্রমিক নেতারা বলেন, বাড়ি ভাড়ার কোনো নিয়ন্ত্রণ না থাকায় সবচেয়ে ভুক্তভোগী লাখ লাখ পোশাক শ্রমিক। 

তারা স্থানভেদে নির্ধারিত বাড়ি ভাড়ার তালিকা সিটি করপোরেশনের প্রত্যেকটি আঞ্চলিক অফিসে প্রদর্শনের ব্যবস্থা, সিটি করপোরেশনের শুল্ক কর্মকর্তা ও কর্মচারীদের মাধ্যমে নিজস্ব চ্যানেলে বর্তমান বাড়ি ভাড়ার প্রকৃত চিত্র সংগ্রহ করে পরিস্থিতি মূল্যায়ন, সিটি করপোরেশনের সদরদপ্তরে একটি করে অভিযোগ বক্স স্থাপনের দাবি জানান।

আইনটি বাস্তবায়নের দাবি জানিয়ে এক শ্রমিক নেতা বলেন, “প্রয়োগ না হওয়ায় একটি কথাই মনে পড়ছে। কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই।”