তনুর জন্য ৩ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর খুনিদের গ্রেপ্তার দাবিতে ৩ এপ্রিল সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার একই দাবিতে শাহবাগে প্রায় চারঘণ্টা সড়ক অবরোধ শেষে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’র সমন্বয়ক আইন বিভাগের শিক্ষার্থী সামান্তা শারমিন।
তনু হত্যার বিচার দাবিতে সারাদেশে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইভেন্ট চালুর মাধ্যমে এদিন দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে ইম্পেরিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, রাইফেলস কলেজ, নটরডেম কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে তাদের সঙ্গে যোগ দেয়।
সামান্তা শারমিন ছাড়াও ঢাবি শিক্ষার্থী উজমা তাসরিয়ান, ফারহান শাহরিয়ার পুলক সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সমন্বয় করছেন।
শাহবাগে দুইঘণ্টা অবরোধের কর্মসূচি থাকলেও দুপুর সোয়া ২টার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর কর্মসূচি বর্ধিত করেন শিক্ষার্থীরা।
ধাক্কাধাক্কিতে সুমন নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিক্ষোভকারীরা জানান।
“বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা ক্লাস বর্জন করব। বিকাল ৪টায় রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশ হবে।”
ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যের নেতাকর্মীরাও তাদের ঘোষিত কর্মসূচিতে সমর্থন জানান।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জিলানী শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন প্রিন্স সড়ক অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এক সপ্তাহ পর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবিকে।
এই কলেজছাত্রী হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ক্ষোভ-বিক্ষোভ চলছে। সোস্যাল মিডিয়াও সরব এই ঘটনার প্রতিবাদে।
এর মধ্যে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত রোডমার্চও করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবারের এই অবরোধের জন্য ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চলছিল।
