২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তঃস্বত্ত্বা স্ত্রীর জন্য বাদীর ছাড়, জামিন হল এসআই রতনের

স্ত্রীর অসুস্থতার কথা বলে শ্লীলতাহানির মামলার বাদীর সঙ্গে আপস করে জামিন পেলেন রাজধানীর আদাবর থানার সাবেক এসআই রতন কুমার হাওলাদার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 05:08 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

সোমবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহউদ্দিন আহম্মেদ এই পুলিশ কর্মকর্তার জামিনের আদেশ দেন।

ট্রাইব্যুনালের পেশকার ফোরকান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদিনীর সঙ্গে আসামির আপস হয়ে গেছে। আসামির স্ত্রী অসুস্থ (অন্তঃস্বত্ত্বা)থাকায় বাদিনী জামিনে আপত্তি জানাননি।”

মামলার বাদী আশা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর ব্যক্তিগত আইনজীবী আসাদুজ্জামান হেলালীও তাদের অনাপত্তির কথা জানান।

আসামির আইনজীবী সাইদুর রহমান মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০ হাজার টাকা মুচলেকায় বিচারক স্থায়ী জামিন দিয়েছেন।”

গত ২০ মার্চ জামিনের আবেদন করেছিলেন রতন, যার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ ইতোমধ্যে পুলিশের নিজস্ব তদন্তে পাওয়া গেছে।

তবে সেদিন তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছিলেন বিচারক।

Image
এসআই রতন মোহাম্মদপুরের এই দোকানের ভেতরে নিয়ে তল্লাশির নামে হয়রানি করেন বলে ওই নারীর অভিযোগ।

এসআই রতন মোহাম্মদপুরের এই দোকানের ভেতরে নিয়ে তল্লাশির নামে হয়রানি করেন বলে ওই নারীর অভিযোগ।

রতনের বিরুদ্ধে মামলার বাদী ওই তরুণী মোহাম্মদপুরের এক যুবদল নেতার স্ত্রী।

তার অভিযোগ, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে স্বামীর খোঁজ জানতে চেয়ে শিয়া মসজিদের কাছে তার পথ আটকান রতন। এরপর পাশের একটি দোকানে নিয়ে অন্যদের বের করে দিয়ে তাকে তল্লাশির নামে তাকে হয়রানি করা হয়।

এ ঘটনা গণমাধ্যমে প্রকাশ পেলে ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন রতন। পুলিশের বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা মিললে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

পুরনো খবর:

সেই এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এসআইর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির ‘প্রমাণ মিলেছে’
যুবদল নেতার স্ত্রীকে ‘হয়রানি’, এসআই বরখাস্ত
এসআই রতনের বিরুদ্ধে হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত, পুলিশেরও কমিটি গঠন
‘আপস’ করেও এসআই রতন কারাগারে