‘আপস’ করেও এসআই রতন কারাগারে
মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর বাদীর সঙ্গে ‘আপসে’ গিয়েও জামিন পাননি পুলিশের উপ-পরিদর্শক রতন কুমার হাওলাদার।
রোববার তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।
আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান এসআই রতন। তার আবেদনে বলা হয়, মামলার বাদীর সঙ্গে আপস হয়ে গেছে, আসামি জামিন পেতে পারেন।
শুনানি চলাকালে বাদী কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, আসামির জামিনে তার কোনো আপত্তি নেই।
জবাবে বিচারক বলেন, “মামলার এই পর্যায়ে জামিন আবেদন মঞ্জুরের উপায় নেই।”
এসআই রতন, ফাইল ছবি
এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে ১ ফেব্রুয়ারি বরখাস্ত হন রতন।
ওই ছাত্রী মামলা করার পর আদালতের আদেশ পেয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান তদন্ত করে যে প্রতিবেদন দেন তাতে অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশের পক্ষ থেকেও কমিটি করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি এ মামলায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
