সংসদের দেয়ালে বাংলার ইতিহাস
জাতীয় সংসদের দেয়ালে তাকিয়ে হাজারো চোখ- সেখানে ভেসে উঠছিল ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে পরাজয়ের ইতিহাস আর ইংরেজ শাসনের চিত্র; কখনও সাতচল্লিশের দেশভাগ, বায়ান্নর মিছিল। আবার কখনও তর্জনি উঁচানো সাতই মার্চের বঙ্গবন্ধু।
স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুই দিনের ‘থ্রিডি ভিডিও ম্যাপিং প্রদর্শনী’র উদ্বোধনীতে এ এমন দৃশ্য দেখা যায়।
‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক পরিকল্পনা মন্ত্রণালয়।
প্রদর্শনীর আগে সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের দেয়ালে লালবৃত্তে বাংলাদেশের মানচিত্র সম্বলিত তিনটি পতাকার প্রতিবিম্ব দেখা যায়। আলোর খেলায় দক্ষিণ প্লাজার সিড়িকে ভাগ করা তিন ভাগে, যার মাঝে ছিল লাল আর দুই পাশে সবুজ। একইসঙ্গে সংসদের দক্ষিণের আকাশে চলতে থাকে ঘূর্ণায়মান আলোর ঝলকানি।
পরে রাত ৮টার দিকে গানে গানে শুরু হওয়া এই আয়োজনের মাঝে দেখানো হয় থ্রিডি প্রদর্শনীর প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি দেখানো হবে শনিবার সন্ধ্যায়।
উদ্বোধনী দিনের শুরুতে শিল্পী সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রুমানা ইসলাম খান, কনক চাঁপা ও সৈয়দ আবদুল হাদীসহ অন্যরা সংগীত পরিবেশন করেন।
শুরুতে ‘সব কটা জানালা খুলে দাও না’ গান নিয়ে আসেন শিল্পী সাবিনা ইয়াসমিন। ‘দাম দিয়ে কিনেছি বাংলা/কারো দানে পাওয়া নয়’ শীর্ষক গান নিয়ে আসেন শিল্পী ফকির আলমগীর।
ফকির আলমগীর এ সময় বলেন, “একাত্তরের ২৫ মার্চের কালরাতে ঢাকায় থাকা এক মানুষ আমি। আজ ২৫ মার্চ রাতে এখানে গান গাইতে এসেছি।”
‘এক নদী রক্ত পেরিয়ে/বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা’ গানটি পরিবেশন করেন শিল্পী রুমানা ইসলাম খান।
পতাকা নিয়ে একটি গান পরিবেশনের পর শিল্পী কনক চাঁপা বলেন, “আজ আমাদের জাতীয় জীবনের কালোরাত। কিছুক্ষণ পর আমরা দেখব বিজয়ের সেই ক্ষণ, যে ক্ষণে বিজয়ের আগের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল।
পরে তিনি ‘যে দেশেতে শহীদ মিনার ফেব্রুয়ারি আছে/সেই দেশেতে জন্ম আমার বলছি সবার কাছে’ কথা দিয়ে শুরু একটি গান গেয়ে শোনান।
এরপর মঞ্চে আসেন সৈয়দ আবদুল হাদী। গান শুরুর আগে তিনি বলেন, “আজকের এই দিনটি যুগপৎ আনন্দ এবং বেদনার। এইদিন একদিকে স্বাধীনতার আনন্দের আর অন্যদিকে স্বজন হারানোর বেদনার, যারা তাদের জীবন দিয়ে গেছেন স্বাধীনতার জন্য।”
পরে তিনি ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা/দে-না তোরা দে-না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে-না’ শিরোনামের এই দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
রাত পৌনে ১০টার দিকে পলাশীর ঘটনা দিয়ে শুরু হয় ‘থ্রিডি ভিডিও ম্যাপিং’ প্রদর্শনী। সেখানে সংসদের দেয়ালে ভেসে উঠা ভিডিওচিত্রের সঙ্গে দেখা যায় বাংলার ইতিহাসের ধারা বিবরণী।
নবাবী আমলের পর ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার নবারের পরাজয়ের কথা বলা হয় এই ভিডিওতে। এরপর আসে ইংরেজ শাসন, ২০০ বছর দীর্ঘ এই শাসনের পর ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে স্বাধীনতা আসে ভারতবর্ষে।
একে একে ভাষা আন্দোলনের ইতিহাস এবং পরবর্তী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা দেখিয়ে ভিডিওচিত্রে চলে আসে একাত্তরের দৃশ্যপট।
‘শত বছরের শত সংগ্রাম শেষে…..’ কবিতাংশ বলার সঙ্গে সঙ্গে ভেসে উঠে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর প্রবেশ দৃশ্য। এরপর দেখানো হয় সাতই মার্চের সেই উচ্চকিত ভাষণ। ২৫ মার্চের কালোরাত থেকে শুরু করে বিজয় আর বঙ্গবন্ধুর দেশে ফেরার ঘটনাপ্রবাহ দেখানোও হয়।
যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর আমলে গৃহীত নানা পদক্ষেপের বর্ণনাও দেওয়া হয় ভিডিওচিত্রে। এরপর আসে পঁচাত্তরের কালো অধ্যায়ের বর্ণনা। ‘নাইটিন সেভেনটি ফাইভ ফিফটিন অগাস্ট’ শীর্ষক শোক সংগীতের মাধ্যমে এই বর্ণনা শুরু হয়।
পঁচাত্তরের রক্তাক্ত ঘটনার ইতিহাস বর্ণনার পর আনুসাঙ্গিক দৃশ্যচিত্র আর কথা দিয়ে শেষ হয় এই থ্রিডি প্রদর্শনীর প্রথম পর্ব।
প্রদর্শনীটির দ্বিতীয় পর্ব শনিবার সন্ধ্যা ৭টায় দেখানোর কথা রয়েছে।
প্রদর্শনীর পর ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা/তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা’ গানটি পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
পরে তিনি শিক্ষার্থীদের নিয়ে ‘ও আলোর পথযাত্রী’ শীর্ষক গান পরিবেশন করেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এই আয়োজনে ‘ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স’ এই থ্রিডি প্রদর্শনীটি উপস্থাপন করে।
ওয়ান মোর জিরো কমিউনিকেশন্সের কর্মকর্তা মো. জাকির সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই থ্রিডি প্রদর্শনীর প্রথম অংশ ৪০ মিনিটের, যা আজ দেখানো হলো। আরেকটি অংশ রয়েছে সেটা আগামীকাল (শনিবার) দেখানো হবে।”
