৭১’র গণহত্যা আন্তর্জাতিক দলিলে না থাকা দুঃখজনক: নূর
একাত্তরে বাংলাদেশ পাকিস্তানি বাহিনীর গণহত্যাকে সাম্প্রতিক সময়ের এসব ঘটনার মধ্যে সবচেয়ে ভয়াবহ অভিহিত করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আক্ষেপ করে বলেছেন, তা আন্তর্জাতিক বিভিন্ন দলিলে স্বীকৃতি না পাওয়া দুঃখজনক।
বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে এজন্য তরুণ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে এই গণহত্যার ঘটনাবলি তুলে ধরতে গবেষণার ওপর গুরুত্বারোপও করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, “আমাদের সময়ের সবচেয়ে বড় গণহত্যার ঘটনা ঘটেছে ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনী দ্বারা। এটা এতো ভয়াবহ ছিল যে, আমরা এর ট্রমা এখনও বয়ে বেড়াচ্ছি।”
দীর্ঘ সময় ধরে এই ‘ট্রমা’ বয়ে বেড়াতে হবে মন্তব্য করে তিনি বলেন, “দুঃখজনক হচ্ছে আমাদের গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন দলিলে স্বীকৃত নয়।”
১৯৪৮ সালে জাতিসংঘের গৃহীত কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইড (সিপিপিসিজি) সনদের প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান নূর বলেন, “সিপিপিসিজি প্রারভিম্বকায় বলা হয়েছে. গণহত্যা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং জাতিসংঘের মূল মর্ম ও লক্ষ্যের বিরোধী। তবুও আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের গণহত্যাকে তাদের তালিকায় আনেনি।”
এ প্রসঙ্গে দেশের ভেতরে ‘বিএনপি কর্তৃক যুদ্ধাপরাধীদের পুনর্বাসন ও মন্ত্রিত্ব দেওয়ার’ বিষয়ও উল্লেখ করেন তিনি।
“এমনকি আমাদের দেশের একটি রাজনৈতিক দলও যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। গণহত্যার সহযোগীদের অনেককে মন্ত্রী বানিয়েছে।
“এখনও রক্ষা করার চেষ্টা করছে। সেই দলের প্রধান মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন, যেটা পাকিস্তানিরা দীর্ঘদিন ধরে করে আসছে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী নূর বলেন, “সভ্য সমাজেও আত্মম্ভরী ও ক্ষোভ চেতনার কারণে বড় ধরনের ঘৃণা তৈরির মাধ্যমে সংগঠিত গণহত্যা চলতে পারে। তাই সভ্যতার ইতিহাসের পাশাপাশি একই সময়ে চলেছে গণহত্যার ইতিহাসও।”
এ প্রসঙ্গে প্রাচীন গ্রিস ও রোমের গণহত্যা এবং কঙ্গোর গণহত্যার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে একাত্তরের কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে আসাদুজ্জামান নূর বলেন, “এটা জাতি হিসেবে আমাদের কৃতিত্ব, আমরা পাকিস্তানের দোসর কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষ করতে পেরেছি।
“আরও কয়েকজন বিচারের আওতায় আছে। এটা স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ায় হওয়ায় বিশ্বের নানা প্রান্তের মানুষের প্রশংসা কুড়িয়েছে।”
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনড় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একাত্তরের গণহত্যা কত ভয়াবহ ছিল সেটা আমাদের মোকাবেলা করতে হবে, গবেষণা করতে হবে। যাতে বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম একাত্তরের গণহত্যার সঠিক ইতিহাস জানতে পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যা গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধে সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড. কামাল হোসেন একাত্তরের গণহত্যার বিচার করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ করার পেছনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, “আইনটি আন্তর্জাতিক অপরাধ আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তৈরি হয়েছিল এবং আইনের কার্যাকারিতার বিষয়টি ১৯৭৪ সালের ডিসেম্বরে ঢাকায় তৃতীয় আন্তর্জাতিক আইন সম্মেলনে আলোচিত হয়েছিল। একইসঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত সময়ে শুরুর পর্যায়ে ছিল।
“১৯৭৫ সালে রাজনৈতিক নেতাদের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের পর বিচারে বাধা সৃষ্টি হয় এবং পরবর্তীতে ক্ষমতাসীনরা বিচার প্রক্রিয়া পিছিয়ে দেয়। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লাগে ৩৭ বছর।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণহত্যা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন বক্তব্য দেন।
এরপর তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম প্লানারি সেশনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির’ জ্যেষ্ঠ গবেষণা ফেলো বিনা ডি কস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সায়মা আহমেদ ও গবেষণা কেন্দ্রের গবেষণা সহযোগী সালমা সোনিয়া।
