২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার মান যাচাইয়ে বহনযোগ্য ডিভাইস সংগ্রহে বিটিআরসি

অপারেটরদের ভয়েস, ডাটা এবং ভিডিও সার্ভিসের সেবার মান যাচাইয়ে বহনযোগ্য যন্ত্রাংশ কিনতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 11:01 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

কলড্রপ, ইন্টারনেটে ধীরগতিসহ নানা অভিযোগের প্রেক্ষাপটে গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে এ উদ্যেগে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। 

বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপারেটরদের কোয়ালিটি অব সার্ভিস পরিমাপে এই যন্ত্রাংশগুলো কেনা হচ্ছে।”

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে কলড্রপ, ইন্টারনেট ধীরগতি এবং বিভিন্ন ধরনের সার্ভিসের নামে টাকা কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের বিস্তর অভিযোগ রয়েছে।

গ্রাহক সেবা মান নিশ্চিতে খুব শিগগিরই আরও কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কলড্রপে ক্ষতিপূরণ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসছে।

প্রতি কলড্রপে এক মিনিট ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি অপারেটরদের নির্দেশনা পাঠায় বিটিআরসি। কীভাবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে তা চূড়ান্ত করতে এই সময় প্রয়োজন হচ্ছে বলেও জানান বিটিআরসি প্রধান।

সেবার মান যাচাইয়ে যন্ত্রাংশ ক্রয়ে রোববার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা। দরপত্রে উল্লেখ করা হয় বিটিআরসি’র নিজস্ব অর্থায়নে এ যন্ত্রাংশ কেনা হবে।

টুজি, থ্রিজি, ফোরজি, এলটিই, সিডিএমএ,ওয়াইম্যাক্স এ ভয়েস, ডাটা এবং ভিডিও সার্ভিস সেবার মান যাচাইয়ে ব্যাকপ্যাক অথবা হাতে বহনযোগ্য বা বহনযোগ্য যন্ত্রাংশগুলো স্কেনারসহ কেনা হচ্ছে।

উম্মুক্ত পদ্ধতির এই দরপত্র জমা দেয়ার শেষ দিন আগামী ৮ই মে এবং একই দিন এই দরপত্র খোলা হবে। ৫ হাজার টাকা দিয়ে টেন্ডার ডকুমেন্ট নিতে হবে এবং টেন্ডার সিকিউরিটি হচ্ছে ১০ হাজার মার্কিন ডলার।

গত ২৬ অক্টোবর বিটিআরসিতে যোগদানের পর এক অনুষ্ঠানে শাহজাহান সাংবাদিকদের বলেছিলেন, “এ দেশের জনগণও কোয়ালিটি অফ সার্ভিস বোঝে না। এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, ৫ দিনে বা রাতারাতি এ সমস্যার সমাধান করা যাবে না। তবে এই সমস্যাকে ফার্স্ট প্রয়োরিটি ধরে কাজ করা হবে।”