২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোটে সব কেন্দ্র সমান নিরাপত্তা পাবে: আইজিপি

ইউনিয়ন পরিষদের ভোটে ‘ঝুঁকি’ নির্বিশেষে সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 01:18 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

পুরনো খবর:

ইউপি ভোট: শনিবার থেকে চলবে না মোটরসাইকেল

প্রথম ধাপে মঙ্গলবারের ভোট সামনে রেখে রোববার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঝুঁকিপূর্ণ বলে কোনো কেন্দ্র নেই। সব কেন্দ্রগুলোকেই আমরা সমান গুরুত্ব দিয়ে দেখছি।”

ভোটের সময় ও আগে-পরে তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশপ্রধান।

প্রার্থী ও সমর্থকসহ সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ-বিজিবি-র‌্যাব-আনসারের এক লাখ ৮০ হাজার সদস্য নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে।”

নির্বাচনকে কেন্দ্র করে কোনো গণ্ডগোল হলে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করে দেন আইজিপি।

Image
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক

সাংবাদিকদের তিনি জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে এ পর্যন্ত ২০৮টি সহিংস ঘটনায় সাত জন নিহত হয়েছে। এসব ঘটনায় দায়ের হওয়া ৫৫টি সাধারণ ডায়েরি ও ১৪৩টি মামলায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

“তবে এসব ঘটনায় সরাসরি কোনো প্রার্থীকে গ্রেপ্তার করা হয়নি বা তাদের বিরুদ্ধে কোনো মামলাও হয়নি,” বলেন পুলিশপ্রধান।

প্রার্থী ও সমর্থকদের প্রতি জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

দেশের ৭২১টি ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে।

এরপর দ্বিতীয় ধাপে ৩১ মার্চ, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল, চতুর্থ ধাপে ৭ মে, পঞ্চম ধাপে ২৮ মে ও ষষ্ঠ ধাপে ৪ জুন ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি।