ঢাকায় বাসের ধাক্কায় কিশোর, ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক কিশোর এবং কমলাপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিমানবন্দর থানার এসআই ফয়েজ উদ্দিন জানান, বুধবার ভোর ৪টার দিকে বলাকা ভবনের সামনে শেরপুর পরিবহনের একটি বাস একটি সাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিয়াদ হোসেন নামে ১৭ বছরের এক তরুণের মৃত্যু হয়।
রিয়াদ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ভোরে ভাগ্নে আকাশ (১৬) ও আকাশের বন্ধু ইমনকে (১৪) নিয়ে সাইকেলে ঘুরতে বের হয়ে তিনি দুর্ঘটনায় পড়েন।
আকাশ ও ইমনও এ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিমানবন্দর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
এদিকে বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্টেশনের ১২ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান।
“নারায়ণগঞ্জ থেকে একটি ট্রেনে ঢাকায় আসেন ওই বৃদ্ধ। ট্রেন পুরোপুরি থামার আগেই নামতে গেলে পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
বৃদ্ধের পরনে চেক লুঙ্গি ও বাদামি পাঞ্জাবি ছিল বলে এসআই রফিকুল জানান।
