পরিচ্ছন্ন ঢাকা গড়তে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
পরিচ্ছন্ন ঢাকা গড়তে উন্নত দেশের সমন্বয়ে কাজ করা যেতে পারে মন্তব্য করে এ উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘পরিচ্ছন্নতা বছর ২০১৬’ উদ্যোগের অংশ হিসাবে নিজের মন্ত্রণালয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এই আশ্বাস দেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরিচ্ছন্নতার জন্য বিশ্বের উন্নত দেশের সঙ্গে টিউনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। একবার লন্ডনের সঙ্গে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সৌন্দর্য্য বিষয়ক সহযোগিতার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও সেই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
মাহমুদ আলী বলেন, “১৯৪৭ সালের ডিসেম্বর মাস থেকে আমি ঢাকা শহরের বাসিন্দা। সময়ের সঙ্গে সঙ্গে এ শহরের যে পরিবর্তন ও সৌন্দর্য্য বর্ধন হয়েছে, তা দেখে ভাল লাগে। তবে ঢাকাকে আরও মনোগ্রাহী করে তুলতে হবে। আর এটা সকল নাগরিকের দায়িত্ব।”
এ সময় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, “সার্বিকভাবে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে কিছুটা সময় লাগবে। তবে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। এ শহর সুন্দর ও পরিচ্ছন্ন হবেই।”
পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, “ঢাকা দক্ষিণে ১০০ কিলোমিটার গভীর ড্রেন পরিষ্কারের কাজ চলছে। এর ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। এপ্রিলের মধ্যে অবশিষ্ট কাজও শেষ হয়ে যাবে।”
জলবদ্ধতা একবারে নিরসন সম্ভব না হলেও এক্ষেত্রে চেষ্টার কোনো কমতি নেই মন্তব্য করে মেয়র বলেন, “এ বছরের মধ্যে শান্তিনগর এলাকার জলজট ৫০ শতাংশ কমিয়ে আনতে পারব আমরা।”
