২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ লোপাটের ঘটনায় টিআইবির উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে বাংলাদেশের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 10:13 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

এই ঘটনা চেপে রাখায় তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী এই সংস্থা। 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবহিত না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

টিআইবি বলছে, “অর্থ পাচারের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও অডিট কমিটি সভা করলেও বিষয়টি অর্থ মন্ত্রণালয়কে না জানানো দুরভিসন্ধিমূলক কি-না এ প্রশ্ন উত্থাপিত হওয়া স্বাভাবিক।”

গত ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের ৮১ মিলিয়ন ডলার ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে ফেলা হয়।

ফিলিপিন্সের ডেইলি ইনকোয়ারার গত ২৯ ফেব্রুয়ারি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

ফেব্রুয়ারি মাসের শুরুতে অর্থ লোপাট হলেও গণমাধ্যমে খবর প্রকাশের আগে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি চেপে যায়। এমনকি গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সভা এবং ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ অডিট কমিটির সভা হলেও পরিচালনা পর্ষদকে জানানো হয়নি।

অর্থ লোপাটের বিষয়টি চেপে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তা ‘সামাল দেওয়ার চেষ্টা করেছে’ তাকে ইতোমধ্যে ‘অযোগ্যতা’ আখ্যায়িত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কেন্দ্রীয় ব্যাংক প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালন করবে আশা প্রকাশ করে টিআইবির বিবৃতিতে বলা হয়, মন্ত্রণালয়কে অন্ধকারে রাখা কেন্দ্রীয় ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি উদ্বেগজনক নজির হয়ে থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও অর্থ মন্ত্রণালয়ের কাছে লোপাটের বিষয়টি গোপন রাখায় এ বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ব্যাখ্যা দাবি করে এর সঙ্গে জড়িত সবাইকে আইনি জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের ‘দুর্ঘটনা’ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে টিআইবি।

পুরনো খবর:

আইটি নিরাপত্তার ঘাটতির কারণে অর্থ লোপাট: সচিব
কেন্দ্রীয় ব্যাংকের ‘স্পর্ধায়’ ক্ষুব্ধ মুহিত ‘ব্যবস্থা’ নেবেন