২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর আবেদনে আদেশ মঙ্গলবার

মনোনয়নপত্র বাতিলের বিষয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী  আপিলের অনুমতি পাবেন কি না- তা জানা যাবে মঙ্গলবার।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 02:03 PM

Updated : 12 Apr 2022, 01:37 AM

সোমবার কাদের সিদ্দিকীর ‘লিভ টু আপিলের’ শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই দিন ঠিক করে দেয়।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর করা রিট আবেদন খারিজ করে ৪ ফেব্রুয়ারি রায় দেয় হাই কোর্ট। ২৩ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের অনুমতি চেয়ে কাদের সিদ্দিকী এই আবেদন করেন।

আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসীন খান; অগ্রণী ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর সংসদ থেকে পদত্যাগ করেন টাঙ্গাইলের এমপি লতিফ সিদ্দিকী।

এরপর ইসি গত ১০ নভেম্বর ভোটের দিন ঠিক করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে কাদের সিদ্দিকীসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান গতবছর ১৩ অক্টোবর বাছাই শেষে কাদের ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণ খেলাপের কারণ দেখিয়ে কাদের ও নাসরিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এরপর প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন কাদের ও নাসরিন। কিন্তু কমিশনের শুনানিতে তাদের আবেদন টেকেনি। 

এরপর এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, তাকে ‘ঋণ খেলাপি’ বানাতে অগ্রণী ব্যাংক ‘ছলনার’ আশ্রয় নিয়েছে। তিনি এর বিরুদ্ধে আদালতে যাবেন।

প্রার্থিতা ফিরে পেতে তিনি ২০ অক্টোবর হাই কোর্টে রিট আবেদন করলে প্রাথমিক শুনানি নিয়ে  আদালত পরদিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেয়।

হাই কোর্টের আদেশে ২২ অক্টোবর সব প্রার্থীর সঙ্গে কাদের সিদ্দিকীকেও প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তার মনোনয়নপত্র নিয়ে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টে আবেদন করে নির্বাচন কমিশন।

পরদিন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন এবং ওই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখতে বলেন।

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর নির্বাচন কমিশনের আবেদনটি আপিল বেঞ্চে ওঠে। শুনানি শেষে আদালত ৩১ জানুয়ারির মধ্যে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশনা দিয়ে ওই সময় পর্যন্ত টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখে।

ওই রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ ৪ ফেব্রুয়ারি রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, কাদের সিদ্দিকী যে রিট আবেদন করেছেন, হাই কোর্টে তা গ্রহণযোগ্য নয়।

সে দিন নির্বাচন কমিশনের কৌঁসুলি বলেন, এ রায়ের ফলে কাদের সিদ্দিকী আর টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে আর অংশ নিতে পারছেন না। নির্বাচন অনুষ্ঠানেও আর আইনগত বাধা থাকছে না।