২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো সমস্যা নাই, যা ইচ্ছা লিখতে পারেন’

রাজধানীর মিরপুর মডেল থানায় আটকে দুটি চেকে সই করিয়ে ১০ লাখ টাকাসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকা আদায়ের অভিযোগ করে মো. বজলু হোসেন নামে এক ব্যক্তি জানিয়েছেন, ঘটনার বিচার চেয়ে ১১ মাস ধরে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 12:20 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

রোববার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নিজেকে সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে পরিচয় দেন বজলু।

ওই টাকা আদায়ের জন্য উত্তরা পশ্চিম থানার কনস্টেবল টিএম শহিরব ও মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরুল ফাহাদসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান তিনি।

তবে এসআই ইমরুল অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আপনি যা ইচ্ছা, তাই লিখতে পারেন।”

এই ঘটনার তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাকে কিছুদিনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ব্যাপারে কিছু বলা সমীচীন হবে না। আপনারাই (সাংবাদিক) কাগজপত্র একটু ঘেঁটে দেখুন, ঘটনার রহস্য জানতে পারবেন।”

বর্তমানে আটোবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান বজলু।

তিনি বলেন, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণখানের বাসা থেকে বের হয়ে শ্যামলীতে অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় পূর্বপরিচিত উত্তরা পশ্চিম থানার কনস্টেবল (ওয়ারলেস অপারেটর) টিএম শহিবরের সঙ্গে তার দেখা হয়।

“একটি ভাড়া করা নোহা গাড়িতে থাকা শহিবরের সঙ্গে তখন কয়েকজন ছিল। সে নিজেই উদ্যোগী হয়ে আমাকে শ্যামলী পৌঁছে দেবে জানালে সরল বিশ্বাসে গাড়িতে উঠি।”

তিনি বলেন, “এরপর মিরপুর মডেল থানার পেছনে একটি বাড়ির সামনে পৌঁছার আগে শহিবর নেমে যায়। ওই বাড়ির সামনে পৌঁছার পরপরই সেখানে থাকা তাদের লোকজন আমাদের গাড়িটি ঘিরে ধরে মারধর করে ডাকাত বলে প্রচার চালায়।”

তারপর মিরপুর থানা পুলিশ তাকেসহ চালককে ধরে নিয়ে যায় জানিয়ে বজলু বলেন, “রাতেই শহিবর আমার বাসায় গিয়ে আমাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নেয়। রাতেই ওই টাকা আত্মীয়-স্বজনের কাছ থেকে জোগাড় করা হয়।

“পরদিন ৫ লাখ টাকা করে দুটি চেকে সই করিয়ে নেয়। চেক ক্লিয়ারেন্সের জন্য ব্যাংক থেকে ফোন করার সময় যে আমি মিরপুর থানায় ছিলাম, তা ফোনের কললিস্টে প্রমাণিত হয়েছে।”

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ওই টাকা রাখা ছিল জানিয়ে তিনি বলেন, “টাকা নেওয়ার পরও পুলিশ কনস্টেবল শহিবর, এসআই ইমরুল এবং কয়েকজন সোর্স মিলে আমাকে ডাকাতি মামলায় জড়িয়ে দেয়।”

এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ ও সোর্সদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় জানিয়ে তিনি বলেন, আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। কিন্তু পিবিআই’র যে কর্মকর্তা তদন্ত করছিলেন তাকে কৌশলে সরিয়ে অন্য আরেকজনকে দেওয়া হয়।

“এছাড়া পুলিশের বিভিন্ন বিভাগে অভিযোগ করা হলেও প্রভাব খাটিয়ে এসআই ইমরুলসহ অন্যরা তা নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।”

এজন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা তদন্ত করার দাবি জানিয়ে বজলু বলেন, “ঘটনার দিন এসআই ইমরুল কতবার কার কার সাথে কথা বলেছে, কললিস্টের মাধ্যমে তার প্রমাণ পাওয়া যাবে।

“বিশেষ করে, উত্তরা পশ্চিম থানার কনস্টেবল শহিরবের সাথে মিরপুর থানার এসআই ইমরুলের সেদিন বেশ কয়েকবার কথা বলার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করলেই ঘটনা পরিস্কার হয়ে যাবে।”

যেসব সোর্সের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা মোবাইল বন্ধ করে বাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি বজলুর। 

এসআই ইমরুলের দাবি, বজলু একজন ডাকাত।

তবে তার বিরুদ্ধে আর কোনো থানায় ডাকাতির মামলা বা অন্য কোনো অভিযোগ আছে কি না- জানতে চাইলে ইমরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে অন্য কোনো থানায় অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, “পুলিশ সদরদপ্তরের সিকিউরিটি সেল, ঢাকা মহানগর পুলিশের ডিসিপ্লিনারি কমিটি ও মিরপুর বিভাগের উপ-কমিশনার তদন্ত করেছেন। সব প্রতিবেদনই আমার পক্ষে।”

এসব কমিটিতে তো পুলিশ সদস্যরাই আছেন- তাই নয় কি? বলা মাত্রই এসআই ইমরুল উত্তেজিত হয়ে বলেন, “প্রতিবেদনে আমার পক্ষে কোনো সমস্যা নাই। আপনি যা ইচ্ছা, তা লিখতে পারেন।”