২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতেও দুই সন্তানকে হত্যার দায় স্বীকার জেসমিনের

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন অরণী ও আলভী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তাদের মা মাহফুজা মালেক জেসমিন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

রোববার দুপুরে ঢাকার মহানগর হাকিম মো. গোলাম নবীর খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

গত ৯ মার্চ থেকে জেসমিনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কিন্তু সন্তানদের হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে চাওয়ায় রোববারই তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক লোকমান হেকিম।

আদালতের পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা এসআই মুকুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিমান্ডে জেসমিন যা বলেছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও একই কথা বলেছেন। সন্তানদের জীবনের অনিশ্চয়তার কথা ভেবে তিনি তাদের খুন করেছেন।”

এর আগে তাকে প্রথম দফায় পাঁচদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

বনশ্রী ‘বি’ ব্লকের ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে গত ২৯ ফেব্রুয়ারি নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমানকে (৬) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি ছিল, আগের দিন রাতে পরিবারটি রেস্টুরেন্টে খেয়ে চায়নিজ খাবার বাসায় নিয়ে আসে। ২৯ ফেব্রুয়ারি দুপুরে বাবার নিয়ে আসা ওই চায়নিজ খেয়ে ঘুমিয়ে পড়ে দুই ভাই-বোন অরণী ও আলভী। কিন্তু সন্ধ্যায় দীর্ঘ সময় ডাকার পরও না জাগায় অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা গার্মেন্ট ব্যবসায়ী আমান উল্লাহ আমান ও গৃহিনী মাহফুজা মালেক জেসমিন দম্পতির সন্তান। অরণী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণি এবং তার ভাই আলভী হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও পরে ময়না তদন্তে দুই ভাই-বোনকে হত্যার আলামত মেলে।

এরপর অরণী-আলভীর দাফন শেষে ২ মার্চ জামালপুরে থাকা তাদের বাবা-মা ও খালাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করে ৠাব।

পরদিন র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মা জেসমিনই সন্তানদের হত্যা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

ওইদিনই ৠাব জেসমিনকে পুলিশে হস্তান্তর করলে শিশু দুটির বাবা আমান উল্লাহ আমান স্ত্রীকে একমাত্র আসামি করে রামপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুরনো খবর:

ভাই-বোন খুন: মায়ের বিরুদ্ধে বাবার মামলা
ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় সন্তানদের খুন!