২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের দায়ে ৬৮ হজ এজেন্সিকে জরিমানা

হজে অনিয়মের অভিযোগে ৬৮টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এসব এজেন্সিকে চলতি বছরের হজ কার্যক্রমে অযোগ্য ঘোষণা ছাড়াও জরিমানা করা হছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:32 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

এছাড়া আরও ৩৪টি হজ এজেন্সিকে চলতি বছরের হজ কার্যক্রম থেকে বিরত থাকতেও নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের আলাদা দুটি অফিস আদেশে এসব নির্দেশনা এসেছে।

একটি আদেশে বলা হয়েছে, ২০১৫ সালের হজের সময় সৌদি আরব, বাংলাদেশের হজযাত্রী, প্রশাসনিক দল এবং বিভিন্ন তদন্ত সংস্থা হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ করে।

এসব অভিযোগ তদন্তে ধর্ম সচিবের দপ্তর পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটি অভিযোগকারীসহ সংশ্লিষ্টদের লিখিত বক্তব্য নিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে।

তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ৬৮টি হজ এজেন্সির চলতি বছরের হজ কার্যক্রমে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়া এসব এজেন্সির হজ লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, বিভিন্ন মেয়াদে হজ লাইসেন্স স্থগিত এবং তাদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

জরিমানার অর্থ আগামী ২৮ মার্চের মধ্যে ১-৩৫০১-০০০১-১৯০১ কোডে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপিসহ মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে।

অন্য আরেকটি আদেশে বলা হয়েছে, ২০১৫ সালের হজ মৌসুমে বাংলাদেশের ৩৪টি বেসরকারি হজ এজেন্সির কার্যক্রমের উপর সৌদি হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটির ক্রটি/নেতিবাচক মন্তব্যের সারসংক্ষেপ জেদ্দায় বাংলাদেশ হজ অফিসকে দেওয়া হয়েছে।

এই অভিযোগের ভিত্তিতে ৩৪টি এজেন্সিকে ২০১৬ সালের হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।