ইউপি ভোট: প্রশাসন, পুলিশকে সজাগ থাকার নির্দেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলযোগ-সংঘর্ষ সামাল দিতে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
রোববার কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “কিছু কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে সংঘর্ষ হচ্ছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকতে বলেছি। কেউ যেন কারও ওপর চড়াও হতে না পারে- সে জন্যে পুলিশ প্রশাসনসহ স্থানীয় প্রশাসন সবাইকে নির্দেশ দিয়েছি।”
২২ মার্চ প্রথম দফা ভোটের আগে প্রচারকে কেন্দ্র করে গত কয়েক দিনে বিভিন্ন স্থানে সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানিও ঘটেছে।
শাহনেওয়াজ বলেন, “ গণমাধ্যমে বলা হচ্ছে- ইসিতে অভিযোগের স্তূপ। অসংখ্য অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায় না। নির্দিষ্ট যেসব অভিযোগ পাচ্ছি, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের কাজ শেষ হয়েছে জানিয়ে এই কমিশনার বলেন, “কারও অবহেলা দেখলে ছাড় দেব না। সবার সহযোগিতা লাগবে। কারও গাফিলাতির কারণে নির্বাচন যেন নষ্ট না হয়। এজন্য সব রকম সতর্কতার সঙ্গে তারা যেন কাজ করেন।
সব ধরনের অনিয়মে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে তিনি বলেন, “আচরণবিধি ভঙ্গ করলে সে যে পর্যায়েরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছপা হব না।”
নির্বাচন সুষ্ঠু করতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি।
শাহনেওয়াজ বলেন, “আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, সুন্দর নির্বাচনের জন্য সহযোগিতা করবেন। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং লঙ্ঘনে সহযোগিতা করেন, তাদের আমরা ছাড় দেব না।”
এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “আমরা প্রথমে নির্বাচনের দিকে খেয়াল রাখছি। কোন দল কতটুকু নাখোশ হলো, কতটুকু বিরক্ত হলো- তা দেখছি না। এবার আমরা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে মামলাও করেছি।”
