এএসআই শামীম এবার ৫ দিনের রিমান্ডে
রাজধানীর খিলগাঁওয়ে কেবল অপারেটরকে গুলির অভিযোগে সাময়িক বরখাস্ত বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে এবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার পাঁচদিন মঞ্জুর করেন বলে জানান আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
তিনি বলেন, আদালতে শামীমের জামিন বা রিমান্ড বাতিলের কোনো আবেদন ছিল না।
শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক কেবল অপারেটরকে গুলি করার অভিযোগে তাকে আটকের পর সাময়িক বরখাস্ত করা হয়।
নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন শামীম। সকালে ভবনের নিচে ওই ঘটনা ঘটার পর বংশাল থানায় যান তিনি।
খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন জানান, বংশাল থানা পুলিশ শামীম রেজাকে আটক করে খিলগাঁও থানায় হস্তান্তরের পর তার পিস্তলটিও জব্দ করা হয়।
