রংপুরের ৩ জন ‘বৃক্ষ মানবের’ মতো নন, ধারণা চিকিৎসকদের
‘বৃক্ষ মানব’ পরিচিতি পাওয়া আবুল বাজনদারের যে ভাইরাসের সংক্রমণের কারণে হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল গজিয়েছে, রংপুরের তিনজন একই ধরনের সমস্যায় ভুগছেন না বলে ধারণা করছেন চিকিৎসকরা।
তবে পরীক্ষার পরই তাদের সমস্যা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম।
বার্ন ইউনিটে আবুল বাজনদারের চিকিৎসার কথা শুনেই সেখানে এসেছেন রংপুরের পীরগঞ্জের তাজুল ইসলাম (৪৮), তার ভাই বাসেত আলী (৫০) ও তাজুলের আট বছর বয়সী ছেলে রুহুল আমীন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তিনজনের রোগ সম্পর্কে নিশ্চিত হতে না পেরে গত বুধবার তাদেরকে ঢাকায় পাঠান।
গত ৩০ জানুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন আবুল বাজনদার। এরই মধ্যে তার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। অপেক্ষায় আছেন বাম হাতে অস্ত্রোপচারের।
ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ বা ‘এইচপিভি’র কারণে ত্বক এভাবে আক্রান্ত হয়। তবে বিরল এই রোগ এবং তার প্রতিকার নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
নিউজিল্যান্ড হেরাল্ড তাদের প্রতিবেদনে আবুলের রোগকে ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ হিসেবে উল্লেখ করেছে।
রংপুরের তিনজনের আবুল বাজনদারের রোগের সঙ্গে মিল রয়েছে কিনা জানতে চাইলে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ওটা (বাজনদারের যে রোগ) নয়।
“আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি এবং তারপর মেডিকেল বোর্ড গঠন করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।”
শুক্রবার বিকালে বার্ন ইউনিটের কেবিন ব্লকে প্রতিবেদকের সঙ্গে কথা হয় রংপুরের তিনজনের।
ঢাকায় বাসেতের স্ত্রী জায়েদা খাতুন, তাজুলের স্ত্রী রুবি বেগম ও রুবির ছোট ছেলে রুহানও এসেছে।
ঢাকায় কেন এসেছেন জানতে চাইলে হাত-পা দেখিয়ে বাসেত বলেন, “এই দেখেন আঙ্গুলগুলু কেমন বড় হয়ে গেছে। পায়ের তলায় কেমন জমাট বাঁধা। চলতে পারিনা, ভিক্ষা করেই জীবন চলে। তাও খাইয়ে দিতে হয় অন্যজনকে।
“তাই সুস্থ্ হতে এই হাসপাতালে আসছি। শুনছি এইখানে আমাদের চেয়েও জটিল এক রোগীর চিকিৎসা হচ্ছে। তাই সুস্থ্ হওয়ার আশা নিয়ে এসেছি তিনজন।”
এসময় জায়েদা ও রবি জানান, তারাই স্বামী-সন্তানদের খাইয়ে দেন।
ছো্ট্ট রুহুলও জানাল, সুস্থ হয়ে বড় ভাইয়ের মতো সেও স্কুলে যেতে চায়।
