২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৃক্ষ মানবের’ বাম হাতে অস্ত্রোপচার দুই সপ্তাহ পর

ত্বকে ভাইরাসের সংক্রমণে হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল নিয়ে ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিতি পাওয়া আবুল বাজনদারের ডান হাতের পর এবার বাম হাতেও অস্ত্রোপচার হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

পুরনো খবর:

হাসি ফুটেছে ‘বৃক্ষ মানবের’ মুখে
স্বাভাবিক জীবনে ফিরতে চান ‘বৃক্ষ মানব’
‘বৃক্ষ মানব’ আবুলের চিকিৎসার দায়িত্ব নিল সরকার

দুই সপ্তাহ পর এই অস্ত্রোপচার করা হবে বলে জানালেও সুনির্দিষ্ট দিন এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুলের চিকিৎসায় গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড সোমবার তার ডান হাতের অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে।

“তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে দুই সপ্তাহ পর বাম হাতের অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

এর আগে গত ২০ ফেব্রুয়ারি ডান হাতে অস্ত্রোপচার করে আবুল বাজানদারের চিকিৎসার জন্য গঠিত নয় সদস্যের মেডিকেল বোর্ড। এই বোর্ডের তত্ত্বাবধানেই দুর্লভ এ রোগে খুলনার এই তরুণের চিকিৎসা চলছে।

আবুলের ডান হাতের অবস্থা ভাল আছে জানিয়ে অস্ত্রোপচারের পর এই পর্যন্ত তিনবার ড্রেসিং করা হয়েছে বলে জানান ডা. সামন্ত লাল।

আবুলের দুই হাতে প্রায় ১০ কেজি ওজনের আঁচিল; পায়েও প্রায় কাছাকাছি। দেখে মনে হয় হাত-পা থেকে গাছের শাখা-প্রশাখা গজিয়েছে। বিরল এই রোগের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও ‘ট্রি ম্যান’ বা ‘বৃক্ষ মানব’ নামে পরিচিত হয়ে গেছেন তিনি।

এক সময় বাবার সঙ্গে ভ্যান চালিয়ে সংসারের আর্থিক যোগানে সহযোগিতাকারী আবুল এখন ‍পরিবারের বোঝা, খেতে হয় অন্যের হাতে।

গত ১০ বছর ধরে এই রোগে আক্রান্ত আবুল এ বছর জানুয়ারিতে খুলনা থেকে এসে ঢাকা মেডিকেলে ভর্তি হলে তার এই রোগের কথা আলোচনায় আসে। গত ৪ ফেব্রুয়ারি আবুলকে দেখতে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়- ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ বা এইচপিভি’র কারণে ত্বক  এভাবে আক্রান্ত হয়। তবে বিরল এই রোগ এবং তার প্রতিকার নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

Image
অস্ত্রোপচারের পর আবুল বাজনদার

অস্ত্রোপচারের পর আবুল বাজনদার

নিউজিল্যান্ড হেরাল্ড তাদের প্রতিবেদনে আবুলের এই রোগকে ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ হিসেবে উল্লেখ করেছে।

চিকিৎসকরা জানান, এইচপিভি একগুচ্ছ ভাইরাসের নাম, যা শরীরের ত্বক ও আর্দ্র ঝিল্লিতে সংক্রমণ ঘটায়। এ পর্যন্ত একশর বেশি এইচপিভি ভাইরাসের হদিস পাওয়া গেছে। এর মধ্যে অন্তত ৩০ ধরনের এইচপিভি জননেন্দ্রীয়কে আক্রান্ত করতে পারে।

সব ধরনের এইচপিভিই শরীরে আঁচিল তৈরি করে। এর সংক্রমণ খুব দ্রুত গতিতে ত্বকের বাইরের স্তরে ছড়িয়ে পড়ে।

আবুলের মা আমেনা বিবি তার ছেলের রোগের বিবরণে যা বলেছেন, তার সঙ্গে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণের বিষয়টি অনেকটাই মিলে যায়।