রাজধানীতে দুই শিশুকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২
রাজধানীতে শিশু ‘ধর্ষণের’ দুটি ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে হেফাজতে নিয়েছে পুলিশ।
মোহাম্মদপুরের ঘটনায় দায়ের করা মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক রিকশাচালকের তিন/চার বছরের শিশুকে দেলোয়ার (৩০) নামে অপর এক রিকশাচালক ফুসলিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা গ্রহণ করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অন্যদিকে যাত্রাবাড়ির ঘটনাটি ঘটেছে গোবিন্দপুর এলাকায়; ধর্ষণের শিকার শিশুটির বয়স আট বছর।
এ ঘটনায় শিশুটির বাবা (নাম প্রকাশ করা হলো না) যাত্রাবাড়ি থানায় মামলা করলে পুলিশ নাসির উদ্দিন (৩৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছেন।
যাত্রাবাড়ি থানার ওসি আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির বাবা সিএনজি চালক। আসামি নাসির উদ্দিন চাল ব্যবসায়ী।
মামলার অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যার দিকে প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফেরার পথে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে নিজ দোকানের ভেতরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে নাসির।”
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসিরকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
