দেবোত্তর সম্পত্তি দখল: রাগীব আলীর শাস্তি দাবি
সিলেটে দেবোত্তর সম্পত্তি দখল করায় ‘শিল্পপতি’ রাগীব আলীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টি।
শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় তারা।
মানববন্ধনে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের দখল করা চা বাগানের জমি ফেরতের নির্দেশ দেওয়ায় আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন পার্টির নেতারা।
তারা বলেন, ১৯৮৯ সালে তারাপুর ও তালিবপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি রাগিব আলীর নামে ৯৯ বছরের জন্য লিজ নেওয়া হয়। পরে সেখানে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলা হয়।
সংগঠনের সভাপতি মিঠুন চৌধুরী বলেন, “বহু বছর আগে চিত্ত রঞ্জন কান্তি হারাধনের দেওয়া শ্রী শ্রী রাধা-কৃষ্ণ দেবোত্তর মন্দিরের নামে দেবোত্তর সম্পত্তি এই দুটি চা বাগান। কিন্তু জালিয়াতির মাধ্যমে রাগিব আলী তারাপুর ও তালিবপুর চা বাগান সম্পূর্ণ বেআইনিভাবে ৯৯ বছরের জন্য লিজ নেন।”
তারাপুর চা বাগান দেবোত্তর সম্পত্তি হওয়ায় কোনোভাবেই তা সেবায়েত বা তার মনোনীত ব্যক্তি হস্তান্তর করতে পারেন না দাবি করে তিনি বলেন, “তারাপুর চা বাগান ৯৯ বছরের জন্য লিজ নেওয়া সম্পূর্ণ বেআইনি।”
মিঠুন চৌধুরী বলেন, “রায় অনুযায়ী ৫ কোটি টাকা ফেরত দেওয়াই যথেষ্ট নয়। জালিয়াতি কার্যকলাপের জন্য প্রচলিত আইনে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।”
মানববন্ধনে জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যপক হিমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “তালিবপুর অংশকে রাগীব-নগর করার মামলায় সর্বোচ্চ আদালতের কাছে হারার পর তার ছেলের করা রিটের শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুগান্তকারী রায় দিয়েছেন। এ রায়কে আমরা স্বাগত জানাই।”
২০০৯ সালে রাগীব আলীর ছেলে আব্দুল হাইয়ের করা মামলায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারকের বেঞ্চ গত ১৯ জানুযারি রায় দেন।
এতে বলা হয়, ছয় মাসের মধ্যে চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে নির্মিত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ সব স্থাপনা সরাতে হবে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে সরকারের কাছ থেকে ৩০ লাখ ৭৬ হাজার টাকা ও চা রপ্তানি বাবদ ৫ কোটি টাকা সেবায়েতকে ফেরত দিতে হবে।
অন্যদের মধ্যে বাংলাদেশ তফসিল ফেডারেশনের সহ-সভাপতি দুলাল শাহা ও সচেতন হিন্দু পরিষদের সভাপতি সুনিল মল্লিক মানববন্ধনে উপস্থিত ছিলেন।
