২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানি ‘করেননি’ ওসি অবনিসহ সেই পাঁচ পুলিশ

যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকরসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলাটির সত্যতা মেলেনি বিচার বিভাগীয় তদন্তে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 06:33 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজমের আদালতে বৃহস্পতিবার মহানগর হাকিম এসএম মাসুদ জামান বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ট্রাইবুনালের পেশকার আমজাদ হোসেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে বাদী শিরিন আক্তার শিউলিসহ ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য-প্রমাণে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।

জানুয়ারি মাসে ওই মামলার পর যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকরকে গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরে বদলি করা হয়।

তদন্ত প্রতিবেদনে হয়েছে, মামলার আসামি মুগদা থানার এসআই আবদুল কাদের তার মেয়ের সামনে বাদীর শ্লীলতাহানি করেছেন- এমন অভিযোগ করা হয়েছে, যা আদৌ বিশ্বাসযোগ্য নয়।

এদিকে, প্রতিবেদন দাখিলের পর নারাজি আবেদন দাখিল করেছেন বাদী। এতে তিনি বলেছেন, মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করা হয়নি। তাই পুনরায় তদন্ত করতে দেওয়া হোক।

আদালত নারাজির বিষয়ে শুনানি ও প্রতিবেদন গ্রহণের জন্য ১৫ মার্চ দিন ধার্য করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, মুগদা থানার এসআই আবদুল কাদেরের মেয়ের সঙ্গে মামলার বাদীর ছোটভাই ইমরানের ২০১৫ সালের ৪ অক্টোবর বিয়ে হয়। কিন্তু মেয়ের বাবা আবদুল কাদের এ বিয়ে মেনে নিতে পারেননি। তিনি ইমরানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেন। পরে ইমরান আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন নেন।

মামলায় আরও বলা হয়, জামিনের পর ইমরানকে যাত্রাবাড়ী থানার ওসি দেখা করতে বলেন। তিনি যাত্রাবাড়ী থানায় গিয়ে এসআই জসিমের সঙ্গে দেখা করেন। এ সময় এসআই জসিম তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ইমরান চাঁদা দিতে অস্বীকার করে চলে আসেন। ২০১৫ সালের ৩ ডিসেম্বর ইমরানকে ১নং আসামির বাসায় ডেকে এনে ব্যাপক নির্যাতন করা হয়।

এরপর মামলার বাদীকে ফোন করে ওই বাসায় আসতে বলা হয়। বাদী বোনকে নিয়ে বাসায় আসলে ১ থেকে ৩নং আসামিরা তার হাত ধরে টানাটানি করে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

বিষয়টি জানাজানি হলে তাদেরকে গাড়িতে করে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসা হয়। ওসিও এ সময় বাদীর হাত ধরে টানাটানি এবং অশোভন আচরণ করেন।

ওই ঘটনায় ২০১৬ সালের ২০ জানুয়ারি শিরিন আক্তার শিলা বাদী হয়ে মুগদা থানার এসআই আবদুল কাদের (১নং আসামি), যাত্রাবাড়ী থানার এসআই জসিম, জামাল ও কনস্টেবল দেবাশীষ বিরুদ্ধে আদালতে মামলা করেন।

২০১৬ সালের ২১ জানুয়ারি আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

পুরনো খবর:

৫ পুলিশের ‘যৌন হয়রানির’ বিচার বিভাগীয় তদন্ত হবে
যাত্রাবাড়ী ও শাহ আলীতে নতুন ওসি