২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকা তাসনিম হত্যা: স্বামীর ১০ বছরের কারাদণ্ড

রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় শিক্ষিকা তাসনিম হোসেন তৃণা হত্যা মামলার বিচারের তার স্বামী আতিফ আমির হককে দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 03:03 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

আড়াই বছর আগের এই ঘটনায় ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

মামলায় রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন পিপি আবু আবদুল্লাহ, আসামি পক্ষে ছিলেন আইনজীবী ফিরোজ আহমেদ।

আবু আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক চিকিৎসকের সাক্ষ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর গুরুত্ব দিয়ে এ রায় দিয়েছেন।”

রায় ঘোষণার সময় কাঠগড়ায় দাঁড়ানো আসামি আতিফ আমির কান্নায় ভেঙ্গে পড়েন।

অন্যদিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হওয়ায় নিহতের বাবা ও মামলার বাদী জাহিদ হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে সাংবাদিকদের জানান।

রায়ে বিচারক বলেন, “অভিযোগটি হত্যার হলেও প্রকৃতপক্ষে মেরে ফেলার উদ্দেশ্য নিয়ে তাসনিম হোসেন তৃণাকে মারধর করা হয়নি। মৃতের শরীরে যে সব জখমের চিহ্ন পাওয়া গেছে, সেগুলোতে হত্যার নয় অপরাধজনক প্রাণনাশের প্রমাণ পাওয়া গেছে।

“স্বামী তাকে মারপিট করেছে, এটি সত্য। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসক বলেছেন, মৃতের শরীরের জখমের চিহ্ন মৃত্যুর কারণ হিসাবে যথেষ্ট নয়, যে কারণে দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি না দিয়ে ৩০৪ ধারার দ্বিতীয় প্যারায় উল্লেখিত শাস্তি দেওয়া হলো।”

প্রসঙ্গত, মামলার সাক্ষ্য চলাকালে ময়নাতদন্তকারী চিকিৎসক রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিতে এসে আসামির পক্ষ নিয়েছে বলে অভিযোগ তুলে তাকে বৈরী ঘোষণা করে রাষ্ট্রপক্ষ।

২০১৩ সনের ৬ অগাস্ট উত্তরায় নিজেদের বাসায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা ২৮ বছর বয়সী তাসনিমকে তার স্বামী আতিফ (৩১) হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই দিন উত্তরার ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৪৯ নম্বর বাসায় যৌতুকের দাবিতে তাসনিমকে মারধর করে। তার ঠোঁট, থুতনি, বাঁ চোখের ওপর ও বাঁহাতের কনুইতে জখমের চিহ্ন পাওয়া যায়। গুরুতর অবস্থায় তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরদিন তাসনিমের বাবা ব্যবসায়ী মো. জাহিদ হোসেন উত্তরা (পশ্চিম) থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ২০ নভেম্বর আতিফ আমির হককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের ২২ জনের মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।