২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলায় ৪ জেএমবি জঙ্গির আজীবন কারাদণ্ড

এক দশক আগে সারা দেশে একযোগে বোমা হামলার সময় ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির চার সদস্যকে আজীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 01:18 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম বৃহস্পতিবার বিস্ফোরক আইনের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন কাউসার আলম সুমন, ইউনুস মিয়া ওরফে কাউসার, মেহেদী হাবিব ওরফে রফিক ও আশরাফুল ইসলাম আশরাফ ওরফে শরীফ। এদের মধ্যে শরীফ পলাতক। 

রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় জেএমবির সামরিক শাখার প্রধান সালাউদ্দিন ওরফে সালেহীনসহ আট আসামিকে খালাস দিয়েছে আদালত।

বাকিরা হলেন- জাকারিয়া আলম টিপন, আল মাসুম, হাবিউল্লাহ, জায়েদউল্লাহ, রফিকুল ইসলাম, আজিজুল হক, আমানুল্লাহ আকন্দ ওরফে সানাউল্লাহ।

২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা।

সেদিন মংমনসিংহেও জজকোর্ট, জেলা পরিষদ সংলগ্ন স্থান ও কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বোমা হামলা হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ক্যান্টিনের পাশের কক্ষে বিস্ফোরণ ঘটানো হলে ইমতিয়াজ আহমেদ নামের এক শিক্ষার্থী আহত হন। 

বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় কোতোয়ালি থানার এস আই সজীব দত্ত এই মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২২ জুলাই মোট ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন কোতোয়ালি থানার পরিদর্শক রবিউল হক।

তদন্ত চলাকালে সুমন ও আমানুল্লাহ আদালতে জবানবন্দি দেন। পরে জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আসামি করা হয় অভিযোগপত্রে।

দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি ২০০৯ সালে ময়মনসিংহ থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো  হয়।  

এদিকে ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে ২০০৭ সালে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হলে ময়মনসিংহের এ মামলা থেকে তাদের  নাম বাদ পড়ে।

রাষ্ট্রপক্ষে ১৫ জনের জবানবন্দি শুনে বিচারক বৃহস্পতিবার রায় ঘোষণা করলেন।